Type Here to Get Search Results !

আমেরিকাকে দেশের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না ইতালি

 আন্তর্জাতিক 


আমেরিকাকে দেশের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না ইতালি 



  ইউরোপীয় ইউনিয়নের কাছে ক্রমেই কিন্তু ব্রাত্য হয়ে পড়ছে আমেরিকা। স্পেনের পরে এবার একই সিদ্ধান্ত নিলো ইতালি। আমেরিকাকে দেশের সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দিল না জর্জিয়া মেলোনির সরকার। সংবাদসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে তেমনটাই দাবি করা হয়েছে। সূত্রের খবর, সম্প্রতি মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে একটি মার্কিন বোমারু যুদ্ধবিমান ইতালির সিসিলির সিগোনেল্লা বিমানঘাঁটিতে অবতরণের অনুমতি চেয়েছিল। কিন্তু ইতালি সরকার আমেরিকার সেই আবেদন খারিজ করে দেয়। ইতালির একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, অনুমতি না দেওয়া নিয়ে নির্দিষ্ট কোনও কারণ দর্শানো না হলেও সে দেশের সরকার জানিয়েছে, আমেরিকার পক্ষ থেকে মেলোনি সরকারকে আগেভাগে বিষয়টি জানানো হয়নি। বরং বিমানগুলি সিসিলির দিকে যাওয়ার সময়ই অনুমতি চাওয়া হয়েছিল। 


  উল্লেখ্য, সিসিলিতে অবস্থিত ইতালির এই বিমানঘাঁটিটি আমেরিকার নৌবাহিনীও ব্যবহার করে। কিন্তু মার্কিন যুদ্ধবিমানকে সেখানে অবতরণের অনুমতি দেওয়া হল না। ইউরোপীয় ইউনিয়নের সদস‌্য হিসাবে ইতালি দ্বিতীয় দেশ, যে ইরান যুদ্ধে আমেরিকাকে নিজেদের সামরিকঘাঁটি ব্যবহারে অনুমতি দিল না। উল্লেখ্য, সোমবার স্পেন ঘোষণা করেছে, কোনও মার্কিন যুদ্ধবিমানকে তারা তাদের আকাশসীমায় প্রবেশ করতে দেবে না। একইসঙ্গে তারা ফের স্পষ্ট করে দিয়েছে, ইরান যুদ্ধে নিজেদের সামরিক ঘাঁটিগুলিও তারা আমেরিকাকে ব্যবহার করতে দেবে না। স্পেনের এহেন আচরণে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী স্পেনের সঙ্গে তিনি বাণিজ‌্য বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি এবার ইতালির সংঘাতে জড়াবেন ট্রাম্প? উত্তর দেবে সময়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.