Type Here to Get Search Results !

"শুধু নারীবাদ নয়, পুরুষের সঙ্গে সবটা শেয়ার করার নামই জীবন" -নোরা ফতেহি


"শুধু নারীবাদ নয়, পুরুষের সঙ্গে সবটা শেয়ার করার নামই জীবন" -নোরা ফতেহি



  নোরা উগ্র নারীবাদের পক্ষে না। তাঁর মতে নারীবাদী ঠিক আছে, কিন্তু উগ্র নারীবাদী মোটেই ভালো না। নোরা ফতেহি মানেই গ্ল্যামার আর নাচের জাদুতে বুঁদ দর্শক। কিন্তু গত বছর রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে নারীবাদের সমালোচনা করে খলনায়িকা হয়ে উঠেছিলেন তিনি। সম্প্রতি লিলি সিং-এর পডকাস্টে এসে সেই ‘বিতর্কিত’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন নোরা। তাঁর সাফ কথা, তিনি নারীবাদের বিরোধী নন, বরং উগ্রপন্থার বিরোধী। নোরা জানান, গত বছর তাঁর পডকাস্টের কিছু ছোট ছোট ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় আসল প্রেক্ষাপট হারিয়ে গিয়েছিল। নোরা বলেন, “আমি চরমপন্থা বা উগ্রপন্থা একদম পছন্দ করি না। আমি নিজে সিঙ্গেল প্যারেন্টের সন্তান। ছোটবেলা থেকে জানি একজন অভিভাবকের অভাব কী। তবে আমি চাই পরিবারে দু’জন অভিভাবকের উপস্থিতি থাকুক, সে তাঁরা পুরুষ-নারী হোন বা সমকামী দম্পতি। কারণ, একলা চলার মানসিক বোঝা প্রাপ্তবয়স্ক জীবনেও অনেক কষ্ট দেয়।”


  নোরার মতে, ‘আমার কাউকে প্রয়োজন নেই’—এই অতি-ব্যক্তিত্ববাদী মানসিকতা সমাজের ভারসাম্য নষ্ট করছে। তিনি বলেন, “আমি চাই আমরা সবাই স্বনির্ভর হই, টাকা উপার্জন করি, স্বপ্ন পূরণ করি। কিন্তু তার মানে এই নয় যে আমরা কারও ওপর নির্ভর করব না। কেন শক্তিশালী হয়েও আমরা একে অপরের ওপর নির্ভরশীল হতে পারব না? কেন পুরুষরা এগিয়ে এসে তাঁদের দায়িত্ব বুঝে নেবে না?” অভিনেত্রীর দাবি, তিনি আসলে নারী ও পুরুষের মধ্যে একটি সুন্দর ভারসাম্যের কথা বলতে চেয়েছিলেন। যেখানে মহিলারা স্বাধীন হবেন ঠিকই, কিন্তু পুরুষরাও সমানভাবে দায়বদ্ধ থাকবেন। নোরার কথায়, “আমরা এখন এমন একটা পরিবেশ তৈরি করেছি যেখানে মানুষ ভাবছে কারও কাউকে দরকার নেই। কিন্তু একে অপরের ওপর ভরসা করে ভারসাম্য বজায় রাখাটাই আসল জীবন।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.