ভোট গণনা নিয়ে এবার কল্যাণদের অভিযোগ আদালতে
ভোট নিয়ে বাস্তবিক তেমন বড় কোনো অভিযোগ করা যায় নি। এবার আগামী ৪ তারিখ ভোট গণনা। তা নিয়ে চলেছে চুলচেরা বিশ্লেষণ। নির্বাচন কমিশনের দুটি পৃথক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার হাইকোর্টে জোড়া মামলা দায়ের করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচন কমিশন গণনাকেন্দ্রের সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তাঁর দাবি, এই পদক্ষেপ নির্বাচনী বিধি লঙ্ঘনের শামিল এবং এর ফলে গণনার নিরপেক্ষতা বিঘ্নিত হতে পারে। কমিশনের এই একপাক্ষিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন।
দ্বিতীয় মামলাটি দায়ের করেছেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁর আপত্তির জায়গা হলো গণনাকেন্দ্রের স্থান পরিবর্তন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার ভোটার সংখ্যা তুলনামূলক কম হওয়ায় এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনাকেন্দ্রের সংখ্যা কমিয়ে ‘সেন্ট্রালাইজেশন’ বা কেন্দ্রীকরণের পথে হাঁটা হয়েছে। কিন্তু বিশ্বরূপ ভট্টাচার্যের দাবি, হঠাৎ করে এভাবে গণনাকেন্দ্রের স্থান বদল করা আইনত সঠিক নয়।আজই এই মামলার শুনানি হওয়ার কথা।
