তৃণমূলের অভ্যন্তরীণ রিপোর্ট বলছে - তৃণমূল পেতে চলেছে ২৩০টি আসন
প্রত্যেক দল নিজস্ব কর্মীদের থেকে রিপোর্ট নিয়ে তার ভিত্তিতে একটা সমীক্ষা করে। এবার তৃণমূলের অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, তারা পেতে পারে ২৩০টি আসন। সূত্রের খবর, তাঁদের তরফে যে পর্যালোচনা রিপোর্ট তৈরি হয়েছে, তাতে ঘাসফুল শিবিরের বিপুল জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সোজা কথায়, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুকে হাতিয়ার করে ঘাসফুল শিবির পুরো দস্তুর আত্মবিশ্বাসী। অর্থাৎ ফের তারা বড় ব্যবধানে ক্ষমতায় ফিরছে।
তৃণমূলের অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, দল এই নির্বাচনে ২৩০টি আসন পেতে চলেছে। এছাড়াও আরও বেশ কিছু বড় দাবি করা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, নন্দীগ্রাম এবং ভবানীপুর, উভয় কেন্দ্রেই শুভেন্দু অধিকারীর পরাজয় নিশ্চিত।
রিপোর্টে মূলত বেশ কয়েকটি বিশেষ ইস্যুকে তৃণমূলের জয়ের অন্যতম কারিগর হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাঙালিদের ‘বাংলাদেশি’ তকমা দেওয়ার যে চেষ্টা চালানো হয়েছিল, ভোটাররা ব্যালট বাক্সে তার যোগ্য জবাব দিয়েছেন বলে মনে করছে দল। পাশাপাশি উত্তরপ্রদেশের অজয় পাল শর্মার মতো ‘বহিরাগতদের’ বাঙালি মহিলাদের প্রতি অপমানজনক মন্তব্য সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। উত্তরপ্রদেশ বা গুজরাট থেকে বিজেপি নেতারা এসে বাঙালির উপর যে ভাবে ‘ধমক-চমক’ বা ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে, সাধারণ মানুষ তাকে ভালোভাবে নেয়নি। একে বাঙালির আত্মমর্যাদায় আঘাত হিসেবেই দেখেছেন ভোটাররা।
