বুধবার রাতেই মুর্শিদাবাদের নওদা বিধানসভার শিবনগর অঞ্চলে ব্যাপক বোমাবাজি হয়
সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে পুরো অঞ্চল। একটা চাপা উত্তেজনা সর্বত্র। প্রথম দফায় আজ বৃহস্পতিবার রাজ্যের ১৫২ টি বিধানসভা আসনে নির্বাচন হচ্ছে। ভোট চলছে মুর্শিদাবাদের একাধিক আসনে। এখনও পর্যন্ত বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। কিন্তু ভোটের আগে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একাধিক এলাকা। বিশেষ করে নওদা বিধানসভার শিবনগর এলাকা বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খানকে লক্ষ্য করে এই বোমাবাজি করা হয় । তাৎপর্যপূর্ণভাবে শিবনগর প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্র থেকে মাত্র ৫০ মিটারের মধ্যে এই ঘটনা ঘটে।
রাতের অন্ধকারে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা। রাতেই ঘটনাস্থলে ছুটে যান তৃণমূল সাংসদ আবু তাহের খান। তাঁর অভিযোগ, এই ঘটনার সঙ্গে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ। তবে সুস্থ রয়েছেন তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান। যদিও এই ঘটনার সঙ্গে আমজনতা পার্টির কোনও যোগ নেই বলে পালটা দাবি হুমায়ুন কবিরের। বলে রাখা প্রয়োজন, বুধবার ওই শিবনগর এলাকায় হুমায়ুন কবিরের লোকজন স্থানীয় দুই তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করেছিল বলে অভিযোগ উঠেছিল। এরপরেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
