চিরাগের সঙ্গে সম্পর্ক নিয়ে আবার খোলামেলা কঙ্গনা
২০২৪ সালে দিল্লির সংসদ ভবনের বাইরে কঙ্গনা রানাউত ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের একটি ভিডিও সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। সহকর্মী থেকে রাজনীতির আঙিনায় দীর্ঘদিনের পরিচিত এই দুই ব্যক্তিত্বের রসায়ন দেখে অনেকেই তাঁদের প্রেমের জল্পনা শুরু করেছিলেন। তবে সম্প্রতি সংবাদ সংস্থা ‘এএনআই’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই জল্পনা নিয়ে এবার মুখ খুললেন বলিউডের ঠোঁট কাটা নায়িকা কঙ্গনা। কঙ্গনা এমনিতেই বলিউডের কন্ট্রোভার্সি গার্ল। তিনি যাই বলেন, তা নিয়েই বিতর্ক শুরু হয়ে যায়। আর এবার চিরাগকে নিয়ে মুখ খুলাতেও বিতর্কের গন্ধ পাচ্ছে নিন্দুকরা। চিরাগের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা স্পষ্ট জানান, চিরাগ তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মাত্র। রসিকতা করে কঙ্গনা বলেন, “চিরাগ আমার বন্ধু। আমাদের মধ্যে যদি রোম্যান্স থাকত, তবে তা ১০ বছর আগেই হয়ে যেত। আর রোম্যান্স থাকলে আজ আমাদের বাচ্চাও থাকত!”
অভিনেত্রী আরও ব্যাখ্যা করেন যে, তাঁদের পরিচয় বিনোদন জগত থেকেই। ২০১১ সালে ‘মিলে না মিলে হাম’ ছবিতে তাঁরা জুটি বেঁধে অভিনয় করেছিলেন। কঙ্গনার কথায়, একই ইন্ডাস্ট্রি থেকে আসা মানুষের মধ্যে যে ধরণের সহজ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তাঁদের মধ্যেও ঠিক তাই রয়েছে। কঙ্গনা যোগ করেন, “চিরাগের সঙ্গে সময় কাটালে আমার খুব ভালো লাগে, কিন্তু এর বাইরে আর কিছু নেই।”
বর্তমানে কঙ্গনা রানাউত হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপি সাংসদ। অন্যদিকে, বিহারের হাজিপুরের সাংসদ চিরাগ পাসোয়ান এখন দেশের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী। দীর্ঘ ১৩ বছর আগে রূপালি পর্দায় তাঁদের যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা রাজনীতির অলিন্দে এক ভিন্ন মাত্রা পেয়েছে।
