এবার বিশ্বের প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর
রণবীর কাপুরের জন্য আবার সুসংবাদ। ২০২৬ সালটি যেন রণবীর কাপুরের জন্যই তোলা রয়েছে। একদিকে নীতেশ তিওয়ারির মেগা বাজেটের ‘রামায়ণ’ নিয়ে আকাশছোঁয়া উন্মাদনা, আর অন্যদিকে বিশ্বমঞ্চে বড়সড় স্বীকৃতি। বিশ্বখ্যাত ‘টাইমস ম্যাগাজিন’-এর বছরের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জ্বলজ্বল করছে রণবীর কাপুরের নাম। সুন্দর পিচাই কিংবা বিকাশ খান্নার মতো বিশিষ্টদের পাশে একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে এই সম্মান অর্জন করেছেন তিনি। রণবীরের এই সাফল্যে উচ্ছ্বসিত আলিয়া ভাট। উল্লেখ্য, দুই বছর আগে ২০২৪ সালে আলিয়া নিজেও এই তালিকায় স্থান পেয়েছিলেন। এবার স্বামীর সাফল্যে গর্বিত অভিনেত্রী সামাজিক মাধ্যমে রণবীরের একটি ছবি শেয়ার করে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
রণবীরকে ‘বেবি’ সম্বোধন করে আলিয়া লিখেছেন, ‘কী সুন্দর লাগছে তোমাকে!’ তবে কেবল শুভেচ্ছাবার্তাতেই থেমে থাকেননি পর্দার ‘গাঙ্গুবাই’। স্বামীর এই বিশাল সাফল্যে আদুরে এক বায়নাও জুড়ে দিয়েছেন তিনি। রণবীরের সাফল্যের দিনে আলিয়া স্বামীর কাছে কী চাইলেন, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল ছিল তুঙ্গে। আলিয়া তাঁর পোস্টে রণবীরের ছবির পাশে একটি ‘আইসক্রিম’-এর ইমোজি জুড়ে দিয়েছেন। আলিয়া যে আইসক্রিম খেতে দারুণ ভালোবাসেন, তা তাঁর ভক্তরা ভালো করেই জানেন। রাহার বাবার এই বিশ্বজয়ের উদযাপনে তাই নামী ব্র্যান্ডের আইসক্রিম খাওয়ার বায়না ধরেছেন খোদ আলিয়া। আগামী অক্টোবরেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ’। ছবির ভিএফএক্স এবং ট্রিটমেন্ট নিয়ে কাটাছেঁড়া চললেও রণবীরের রাম লুক নিয়ে মুগ্ধ দর্শকরা।
