এবার লেবানন ইজরাইলের শান্তি বৈঠক হতে চলেছে - ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তারই উদ্যোগে ৩৪ বছর পরে এবার লেবানন ও ইজরাইলের মধ্যে শান্তি স্থাপিত হতে চলেছে। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে শান্তি বৈঠকে বসতে চলেছে ইজরায়েল ও লেবানন ( Israel-Lebanon Talks)। মার্কিন মধ্যস্থতায় হতে চলেছে এই বৈঠক। ইরান যুদ্ধের মাঝেই বৃহস্পতিবার এই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। জানা যাচ্ছে, ৩৪ বছর পর আগামিকাল অর্থাৎ শুক্রবার হতে চলেছে ঐতিহাসিক এই বৈঠক।
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মাঝেই বৃহস্পতিবার নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথে বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। লেখেন, ‘ইজরায়েল ও লেবাননের মধ্যে চলমান সংঘাত কমানোর চেষ্টা করছি। প্রায় ৩৪ বছর পর দুই দেশের নেতারা মুখোমুখি হতে চলেছেন। আগামিকাল হতে চলেছে এই বৈঠক। নিশ্চিতভাবে এটা একটা দারুন ব্যাপার।’ অন্যদিকে, এই বৈঠক নিয়ে আশাবাদী লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ইতিমধ্যেই এই ইস্যুতে মুখ খুলেছেন তিনি।
তাঁর কথায়, আশাবাদী এই বৈঠকের মাধ্যমে দক্ষিণ লেবাননের মানুষের দুর্ভোগ শেষ হতে চলেছে। পাশাপাশি তাঁর বার্তা, বৈঠকের মূল লক্ষ্য আন্তর্জাতিক সীমানায় লেবাননের সেনার নিয়ন্ত্রণ। সেখানে অন্য কেউ নাক গলাবে না। তাছাড়া শান্তি ফেরানো সম্ভব নয়। ইজরায়েল গঠন হওয়ার পর ১৯৪৮ সাল থেকেই লাগাতার সংঘাত চলছে ইজরায়েল ও লেবাননের মধ্যে। দুই দেশের মধ্যে কোনওরকম কূটনৈতিক সম্পর্ক নেই। জানা যাচ্ছে, ১৯৮৩ সালে লেবানন যুদ্ধের পরে মার্কিন মধ্যস্থতায় এই প্রথম দুই দেশের নেতারা বৈঠকে বসতে চলেছেন। যদিও এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিতে নারাজ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লা। সম্প্রতি উত্তর ইজরায়েলের ১৩টি শহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।
