'নকল আঙ্গুল' ব্যবহার করে ভবানীপুরে ভোট দেওয়ার চেষ্টা হবে - অভিযোগ শুভেন্দুর
এক নতুন ও অভিনব অভিভোগ আনলেন শুভেন্দু। মঙ্গলবার তিনি বলেন, তার কাছে খবর আছে যে ভবানীপুরে প্রচুর কৃত্রিম আঙ্গুল আনা হয়েছে, যা দিয়ে মিথ্যা ভোট দেওয়া হবে। ভোটের আগের দিন শুভেন্দু এক ছবি প্রকাশ করে বিস্ফোরক দাবি করেন, তৃণমূলের এক কাউন্সিলর বিপুল সংখ্যক কৃত্রিম আঙুল সংগ্রহ করেছেন। তাঁর অভিযোগ, এই ‘নকল আঙুল’ ব্যবহার করে বুথে গিয়ে একাধিকবার ভোট দেওয়ার পরিকল্পনা রয়েছে।শুভেন্দুর কথায়, “সাড়ে ৭০০ নকল আঙুল কিনেছেন (৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর)। নিকৃষ্ট মানের ভোট চোর। ধরা পড়ে গিয়েছে। পারবে না করতে।” তিনি দাবি করেন, ভোটকেন্দ্রে গিয়ে এই কৃত্রিম আঙুলে কালি লাগিয়ে বেরিয়ে এসে তা খুলে ফেলা হবে, যাতে বারবার ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়।
এছাড়াও তিনি জানান, ভবানীপুরে বহু ভোটারের কাছে বুথ স্লিপ পৌঁছয়নি। তাঁর বক্তব্য, “৩,৮১০টি বিএলও স্লিপ ফিরে এসেছে। তা-ও চিহ্নিত করেছি।” এই সব ভোটারের তথ্য বিজেপির বুথ স্তরের কর্মীদের হাতে রয়েছে বলেও জানান। রাজনৈতিক আক্রমণ আরও তীব্র করে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এখন সময়ের অপেক্ষা। ৪ তারিখ শেষ পর্যায়ের গণনা পর্যন্ত তৃণমূলকে কী ভাবে ছোটাতে হয়, আমি জানি।” শাসকদলের কটাক্ষ করে তিনি বলেন, “হাই কোর্টে যেমন কানমলা খেয়েছেন, বুধবার সকাল থেকে ভবানীপুরের জনগণ আপনাদের কানমলা দেবে। যে ব্যবস্থা কমিশন নিয়েছে, যে ভাবে সক্রিয় হয়েছে পুলিশ পর্যবেক্ষক, পুলিশের একটা অংশ যে ভাবে নিরপেক্ষ হয়ে গিয়েছে, জেগে গিয়েছে জনতা। ভোট পাবেন না মমতা।”
