বিনোদন
ভীষণ বিপদে পড়েছেন অনেক শিল্পী কলাকুশলি
আউটডোরে শুটিং চলাকালীন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতির দিন দশেক পেরলেও প্রযোজনা সংস্থার তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি। সেই প্রেক্ষিতেই বুধবারের বৈঠকে ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর বিরুদ্ধে একজোটে ‘খড়্গহস্ত’ হয়েছে টলিউড। আর্টিস্ট ফোরামের সিনিয়র সদস্যরা সাফ জানিয়েছেন, সংশ্লিষ্ট মামলায় পুলিশের তরফে যতক্ষণ না বিস্তারিত তথ্য সকলের সামনে আসছে, ততক্ষণ ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে বাংলার আর কোনও শিল্পী-কলাকুশলীরা কাজ করবেন না। ফলত, খাঁড়ার কোপ পড়েছে শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত দুই ধারাবাহিকগুলির উপরেও।
এদিকে আচমকা সম্প্রচার বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট সিরিয়ালের অভিনেতা, কলাকুশলীরা পড়েছেন মহাবিপাকে! ভিভান ঘোষ যখন হন্যে হয়ে ‘বেকার ভাতার ফর্ম’ খুঁজছেন, তখন ‘চিরসখা’ অভিনেতা রাজা গোস্বামী প্রশ্ন রাখলেন, ‘আমাদের কী দোষ ছিল?’এহেন মর্মান্তিক ঘটনার পরও বিতর্কিত প্রযোজনা সংস্থার নীরবতা ভাবিয়ে তুলেছে গোটা ইন্ডাস্ট্রিকে। গতসপ্তাহ থেকেই দফায় দফায় ‘ঘাতক’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে সরব হয়েছে আর্টিস্ট ফোরাম। এমতাবস্থায় মঙ্গলবারই চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে আগামী রবিবার ‘চিরসখা’র শেষ সম্প্রচার হবে। পরিবর্তে সেই স্লটে দেখা যাবে মানালি মণীষা দে’র নতুন ধারাবাহিক ‘সংসারের সংকীর্তন’। এদিকে রাহুলের মৃত্যুর প্রতিবাদে সিরিয়াল ছেড়ে লীনা-শৈবালের থেকে দূরত্ব বাড়িয়েছেন অম্বরীশ ভট্টাচার্য, রেশমি সেন, রাজন্যা মিত্রের মতো সিনিয়র শিল্পীরা। তবে এমতাবস্থায় ম্যাজিক মোমেন্টস প্রযোজিত সিরিয়ালে অভিনয় করা বাকি অভিনেতাদের ভবিষ্যৎ কী হবে? কোন প্রযোজনা সংস্থার দরজাতেই বা তাঁরা কড়া নাড়বেন? এইমুহূর্তে এহেন অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টেলিপাড়ার অন্দরমহলে।
