পূজা-উৎসব
শনিবার জঙ্গলমহলে শুরু হয়ে গেলো 'বীজপূণ্যা’ উৎসব
'বীজপূণ্যা’ উৎসবকেই বলাহয় 'রহিন উৎসব'। রহিন উৎসবের মূল কথাই হল ফসল বপন। এটি আসলে প্রকৃতির কোল আলো করে আসা নতুন ফসলের আবাহন। একে ধরিত্রীর ঋতু পরিবর্তনের এক পবিত্র ক্ষণও বলা চলে। জঙ্গলমহলের কৃষিজীবী মানুষ এই বিশেষ দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন। এই দিনে পবিত্র মাটি আর বীজকে প্রণাম জানিয়ে শুরু হয় ‘বীজপূণ্যা’। চাষিরা তাঁদের জমিতে ধানের চারা তৈরির জন্য প্রথম বীজ ছড়ান। বিশ্বাস করা হয়, এই দিনে শুরু হওয়া চাষের ফলন সোনার মতো খাঁটি হয়। জঙ্গলমহল সহ সমগ্র রাজ্যবাসীকে ‘রহিন পরব’-এর আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । এই পবিত্র দিনে পবিত্র মাটি ও বীজকে প্রণাম জানিয়ে কৃষিজীবী সমাজের সমৃদ্ধি কামনা করেন তিনি। মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছাবার্তার হাত ধরেই জঙ্গলমহলের লাল মাটিতে যেন বেজে উঠল মাদলের সেই চেনা সুর।
রুক্ষ মাটির বুক চিরে জেগে উঠল নতুন প্রাণের স্পন্দন। অরণ্যসুন্দরী জঙ্গলমহলের আদিবাসী ও কুড়মি সমাজের এ এক ঐতিহ্যবাহী কৃষি উৎসব। জ্যৈষ্ঠের তপ্ত দিনে মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জুড়ে আজ শুরু হয়েছে এই লোকপরব। এ যেন এক মাটির গন্ধ মাখা জীবনের উদযাপন।
