Type Here to Get Search Results !

আদিবাসী আন্দোলনের অন্যতম মুখ ক্ষুদিরাম টুডু এখন মন্ত্রী

 আদিবাসী আন্দোলনের অন্যতম মুখ ক্ষুদিরাম টুডু এখন মন্ত্রী 



  একদিন দুদিন নয়, দিনের পর দিন আদিবাসীদের সংগঠিত করে গেছেন ক্ষুদিরাম টুডু - যিনি আজ শুভেন্দুর মন্ত্রীসভার অন্যতম সদস্য। জঙ্গলমহলে একদা মাওবাদী অধ্যুষিত এলাকাগুলির মধ্যে অন্যতম বাঁকুড়ার রানিবাঁধ। সেসব অন্ধকার দিনে বেঁচে থাকাই ছিল কঠিন। কিন্তু অদম্য জেদের কাছে হার মানে সব। সেভাবেই প্রতিকূলতার সঙ্গে যুঝে আজ রাজ্য মন্ত্রিসভায় পৌঁছে গিয়েছেন রানিবাঁধের ভূমিপুত্র ক্ষুদিরাম টুডু। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য হচ্ছেন তিনি। কোন দপ্তরের দায়িত্ব পাবেন, তা এখনও ঠিক নেই। তবে আদিবাসী সন্তানের এহেন সাফল্য যেন অন্ধকারে ডুবে থাকা রানিবাঁধকে নতুন আলোর দিশা দেখাচ্ছে। যদিও এর আগে রানিবাঁধের প্রাক্তন বিধায়ক জ্যোৎস্না মান্ডি রাজ্যের খাদ্যদপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। কিন্তু ক্ষুদিরাম টুডু পূর্ণ মন্ত্রিত্ব পাচ্ছেন।


   শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বকীয়তায় নজর কেড়েছিলেন ক্ষুদিরাম। আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে মাতৃভাষা সাঁওতালিতে শপথবাক্য পাঠ করেন, পাশাপাশি পোশাকেও ছিল নিজস্ব সংস্কৃতির ছাপ। জঙ্গলমহলের একসময়ের মাওবাদী অধ্যুষিত দুর্গম এলাকা বাগডুবি গ্রাম থেকে উঠে আসা ক্ষুদিরাম এখন গ্রামবাসীদের কাছে রীতিমতো সেলিব্রিটি। একসময় মাওবাদী আতঙ্কে থমকে থাকা জঙ্গলমহলের সেই অন্ধকার সময় পেরিয়ে তাঁর এই উত্থান বাঁকুড়াবাসীকে উন্নয়নের নতুন আশা দেখাচ্ছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.