আজ বিকেলেই শুভেন্দু-মোদীর বৈঠক
মুখ্যমন্ত্রী হওয়ার পরে শুক্রবার বিকেলে প্রথম দুই নেতা মুখোমুখি বসছেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বেশ কিছু বিষয়ে গাইডলাইন বেঁধে দেবেন প্রধানমন্ত্রী। যেমন, কোন দিশায় চলবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি শাসিত সরকার? কী হবে ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের গতিপথ? সেই বিষয়েই বাংলার মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেবেন মোদী। এছাড়া, গত দুই সপ্তাহে এখনও পর্যন্ত নতুন সরকার কী কী পদক্ষেপ করেছে সেই বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করবেন মুখ্যমন্ত্রী।
আলোচনায় যেদিকগুলো প্রাধান্য পাবে -
* রাজ্যের দূর্বল অর্থনৈতিক পরিকাঠামোর প্রেক্ষিতে রাজ্যের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ কোনও প্যাকেজের আবেদন জানান কি না মুখ্যমন্ত্রী, সেদিকে নজর থাকবে।
* রাজ্যের দীর্ঘদিনের বকেয়া মেটানোর ক্ষেত্রে কেন্দ্রের পরবর্তী ভাবনা এবং রাজ্যের আশু কর্তব্য কী তা আলোচনায় উঠে আসতে পারে।
* পশ্চিমবঙ্গে ভারী শিল্প-সহ অন্যান্য শিল্পক্ষেত্রে বিনিয়োগের জন্য কেন্দ্র-রাজ্য সমন্বয় কীভাবে হবে সেই বিষয়ে আলোচনা হতে পারে।
আজ সকালে প্রথমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল রাতেই শাহের সঙ্গে এক দফায় বৈঠক করেছেন। আবারও আজ বৈঠক করতে পারেন। রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন।
