কালীঘাটের প্রাক্তন ওসির বিরুদ্ধে এবার মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী কিন্তু পুলিশমন্ত্রী। তাহলে তারই অধীনে থাকা একজন ওসির বিরুদ্ধে এতো পরে অভিযোগ কেন? - নাগরিক মহল এই প্রশ্ন তুলেছেন। হাতে আগ্নয়াস্ত্র নিয়ে ছবি পোস্ট করার পরই সাসপেন্ড করা হয় গৌতম দাসকে (Goutam Das)। এবার তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের প্রাক্তন ওসি নাকি মহিলা ও শিশুদের মারধর করেছিলেন। শুধু তাই নয়, পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিয়েছেন মমতা।
শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই কালীঘাটের প্রাক্তম ওসিকে নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন,”মহিলা এবং শিশুদের মেরেছিলেন কালীঘাটের ওসি। শনিবার তাঁকে সাসপেন্ড করা হয়েছে।” এরপরই পুলিশ পর্যবেক্ষকদের হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, পুলিশ পর্যবেক্ষকেরা ভাবছেন, ৪ মে-র পরে উত্তরপ্রদেশ বা যে রাজ্য থেকে এসেছিলেন, সেখানে পালিয়ে যাবেন! তাঁদের প্রত্যেককে টেনে নিয়ে আসা হবে। অসাংবিধানিক কাজে মদত দেওয়ার জন্য আদালতে টেনে নিয়ে যাওয়া হবে। কাউন্টিং এজেন্টদের বৈঠকে এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে সেই খবর পাওয়া গিয়েছে। মমতার এই মন্তব্যের পরই চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহল বলছে, এখানে পুলিশ পর্যবেক্ষক বলতে কি মমতা সিংঘম অজয়পাল শর্মার দিকেই ইঙ্গিত করলেন? এদিকে, কালীঘাট থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে চামেলি মুখোপাধ্যায়কে। কিন্তু, তাঁর বিরুদ্ধেও বিস্তর অভিযোগ সামনে আসছে। চামেলির নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী মানব গুহ। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করলেন চামেলির বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে।
