মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে প্রসেনজিৎ যা বললেন
প্রসেনজিৎ স্পষ্ট বলেন, তাকে যেন কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না করা হয়। তিনি যেমন আছেন তেমনই থাকতে চান। গত ৯ মে ব্রিগেডে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা গিয়েছিল প্রসেনজিৎকে। বিজেপির পক্ষ থেকে পদ্ম পুরস্কার প্রাপকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। মমতা শঙ্কর, অজয় চক্রবর্তীর পাশাপাশি প্রসেনজিৎকেও দেখা যায় সেই মঞ্চে। তবে এবারেও বাংলা ইন্ডাস্ট্রির অভিভাবক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাঁকে যেন রাজনীতির মধ্যে না জড়ানো হয়। আর এইসবের মাঝেই নতুন সরকারের কাছে প্রসেনজিৎ তাঁর দাবি-দাওয়াগুলি তুলে ধরলেন।
সৌজন্যবশতই প্রসেনজিৎ শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন। নতুন বিজেপি সরকারের কাছে তাঁর কী প্রত্যাশা তা জানিয়েছেন এক সংবাদমাধ্যমকে। প্রসেনজিৎ বলেছেন, একজন মানুষ যখন এক মিনিটে ইভিএম-এর একটা বোতামে আঙুল দেয়, তখন সেই মানুষটির অনেক আশা, স্বপ্ন, না পাওয়া, অভিযোগ, অভিমান সব কিছুর সমাধানের নতুন স্বপ্ন দেখে।
বুম্বাদা বাংলার নতুন বিজেপি সরকারের কাছে বিনীত অনুরোধ করে বলেন যে তিনি একজন সাধারণ নাগরিক হিসাবে কয়েকটি আবেদন করতে চান। প্রসেনজিৎ সংবাদমাধ্যমকে বলেন, বন্ধ হওয়া স্কুলগুলো যাতে খুলে যায়। সবাই যেন শিক্ষা পায়। নতুন শিল্প যেন আসে। নতুন প্রজন্মকে আর রাজ্যছাড়া হতে না দেওয়ার অনুরোধও করেন অভিনেতা। প্রসেনজিৎ আরও জানিয়েছেন যে এ রাজ্যে হাসপাতাল পরিকাঠামো যাতে আর উন্নত হয়। আরও বেশি করে হাসপাতাল তৈরি হোক, যাতে কেউ বিনা চিকিৎসায় না মরে যায়। এরপরই প্রসেনজিৎ তাঁর ইন্ডাস্ট্রি নিয়েও কয়েকটি দাবি রেখেছেন নতুন সরকারের কাছে। অভিনেতা বলেন যে তিনি বাংলা সিনেমার একজন অতি সামান্য অংশ। বাংলার শিল্প-সংস্কৃতি হল আসল ঐতিহ্য। সেই ঐতিহ্যের দরজা যেন বিশ্বের দরবারে খুলে যায়। প্রসেনজিৎ আরও জানান যে রাজ্যের মানুষ যাতে ভাল থাকে, শান্তিতে থাকে।
