Type Here to Get Search Results !

গঙ্গাজল ছোটিয়ে ফেডারেশনকে শুদ্ধ করে নিলেন পাপিয়া

 বিনোদন 



  টলিপাড়ায় এবার নতুম স্বাধীনতা। নতুন উদ্যম। আর এর কেন্দ্রে আছে অরূপ বিশ্বাসের জায়গায় পাপিয়া অধিকারী। নির্বাচনের মহারণে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অরূপ বিশ্বাসকে বড় ব্যবধানে ধরাশায়ী করে এবার সরাসরি টেকনিশিয়ান স্টুডিওর অন্দরে পা রাখলেন বিজেপি বিধায়ক তথা বর্ষীয়ান অভিনেত্রী পাপিয়া অধিকারী। শুধু পা রাখাই নয়, সঙ্গে করে আনা বোতল থেকে চারপাশ জুড়ে গঙ্গাজল ছিটিয়ে দিলেন তিনি। পাপিয়ার কথায়, “শুদ্ধিকরণ করব বলেই গঙ্গাজল এনেছিলাম। এবার চারপাশটা শুদ্ধ হল।” বুধবার টেকনিশিয়ান স্টুডিওর ফেডারেশন অফিসে নবনির্বাচিত এই নেত্রীকে জমকালো সংবর্ধনা দেন টলিপাড়ার টেকনিশিয়ানরা। ভেন্ডার গিল্ডের সম্পাদক সৈকত দাসসহ সমস্ত গিল্ডের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে পাপিয়াকে শুভেচ্ছা জানান। দীর্ঘদিন যাঁদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, তাঁদের এই ভালোবাসায় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।


  জিতে ফিরেই টলিপাড়ার খোলনলচে বদলে দেওয়ার একগুচ্ছ বড় ঘোষণা করলেন মোদীর এই ‘সেনাপতি’। এদিন সংবর্ধনার অনুষ্ঠানের মাঝে পাপিয়া জানালেন, ”রাতে শুটিং শেষ হতে দেরি হলে, অভিনেত্রীদের সুরক্ষিতভাবে গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। শিল্পী ও কলাকুশলীদের কলটাইম বা শুটিংয়ের সময়সূচি অন্তত তিন দিন আগে আগাম জানাতে হবে। স্টুডিওপাড়ায় আর কোনো ভয় বা হুমকির পরিবেশ থাকবে না। তবে বক্তব্য রাখতে উঠে চেনা ফর্মে মেজাজ দেখালেন পাপিয়া। সোজা নিশানা করলেন বিদায়ী মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসকে। পাপিয়ার হুঙ্কার, “টলিউডে ‘বিশ্বাস ব্রাদার্স’-এর জমানা এবার খতম! অরূপ আর স্বরূপ বিশ্বাসের সেই চেনা ‘দাদাগিরি’ আর এখানে চলবে না। আপনারা যারা এতদিন ভয়ে গুটিয়ে ছিলেন, তাদের বলছি— কারও কোনো ভয় নেই। এবার খোলা হাওয়ায় প্রাণভরে শ্বাস নিন।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.