বাংলাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে একমাত্র শুভেন্দু - রাজনাথ সিং
গতকাল থেকেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে। দেখা করেছেন প্রায় প্রথম সারির সমস্ত নেতার সঙ্গেই। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন তিনি। সোশাল মিডিয়ায় নিজেই সেই ছবি শেয়ার করেন রাজনাথ সিং। বাংলার উন্নতি করতে পারেন একমাত্র শুভেন্দু অধিকারীই, সাক্ষাতের পর দাবি প্রতিরক্ষামন্ত্রীর। সোশাল মিডিয়ায় রাজনাথ সিং লেখেন, “বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হল। রাজনৈতিক অভিজ্ঞতায় ভরপুর একজন ব্যক্তি তিনি। শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছনোর লক্ষ্যে কাজ করবেন বলেই আমি আত্মবিশ্বাসী।”
কী কথা হয়েছে দু’জনের তা অবশ্য এখনও জানা যায়নি।বৃহস্পতিবার দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক সেরে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি। রাতে পৌঁছেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক করেন। সম্ভবত মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে বৈঠক হয়েছে তাঁদের। শুক্রবার দিনভর রাজধানীতে ঠাসা কর্মসূচি রয়েছে শুভেন্দুর। প্রশাসনিক মহলের একাংশের মতে, এই পরিস্থিতিতে কেন্দ্রের সহায়তা ছাড়া উন্নয়নের গতি ফেরানো কঠিন। রাজ্যের আর্থিক হাল ফেরাতে কেন্দ্রের বিশেষ প্যাকেজই ভরসা। তাই দিল্লি দরবারে গিয়ে “ডবল ইঞ্জিন” তত্ত্বের সুফল বাস্তবে বাংলার মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায়, সেই রূপরেখাই প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইতে পারেন শুভেন্দু।
