আন্তর্জাতিক
রাশিয়ার সঙ্গে নতুন চুক্তিতে তালিবান - শঙ্কিত ইউক্রেন
তালিবান মানেই যেন মনে হয় 'মানববোমা'! আর ইউক্রেনের ভয় সেখানেই। ইতিহাস বলে আফগানিস্তানই একমাত্র দেশ যারা ব্রিটেন, রাশিয়া ও আমেরিকার মতো বিশ্বের তিন মহাশক্তিকে পর্যুদস্ত করেছিল নিজেদের মাটিতে। অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার না থাকলেও, অতর্কিত হামলা ও মুজাহিদ যোদ্ধাদের আত্মবলিদানের সামনে নাকাল হয়েছে মহাশক্তির আস্ফালন। শক্তিশালী সাম্রাজ্যের বদ্ধভূমি আফগানিস্তানের শাসক তালিবানের সঙ্গেই এবার সামরিক চুক্তি রাশিয়ার। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মাঝেই তালিবানের সঙ্গে ইউক্রেনের সামরিক চুক্তি ঘিরে চর্চা শুরু হয়েছে গোটা বিশ্বে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে এর আগে দফায় দফায় ভাড়াটে সৈন্য ব্যবহার করেছে রাশিয়া। চাকরির নামে বিদেশি যুবকদের যুদ্ধে ব্যবহারের পাশাপাশি উত্তর কোরিয়া থেকে সেনা এনে যুদ্ধ লড়েছে পুতিনের দেশ। এহেন পরিস্থিতির মাঝেই গত বুধবার অর্থাৎ ২৭ মে মস্কোতে তালিবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী ও রুশ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি সের্গেই শোইও-র মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হয়।
তবে উত্তর কোরিয়ার মতো তালিবার সরাসরি রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামবে কিনা তা স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, রাশিয়ার হয়ে সরাসরি যুদ্ধে না নামলেও ‘মানব বোমা’র অতীত পেরিয়ে আধুনিক সমরাঙ্গনে নিজেদের যোগ্য করে তুলতেই এই চুক্তি তালিবানের। এই সামরিক চুক্তির শর্তে যে যে বিষয়গুলি সামনে আসছে তা হল, এই চুক্তি মাধ্যমে রাশিয়া তালিবান সেনাকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ও ড্রোন সরবরাহ করবে। এর পাশাপাশি আধুনিক যুদ্ধের জন্য তালিবান সেনাকে উন্নত পর্যায়ের সামরিক প্রশিক্ষণ দেবে রাশিয়ার সেনা বিশেষজ্ঞরা। এছাড়া এই চুক্তির অন্যতম উদ্দেশ্য হল, আফগানিস্তান ও মধ্য এশিয়াতে সক্রিয় জঙ্গিগোষ্ঠী বিশেষ করে আইএসআইএস-এর যৌথভাবে মোকাবিলা করা।
