নেদারল্যান্ডের সঙ্গে ১৭ চুক্তি ভারতের
পাঁচদিনে পাঁচটি দেশে সফর রয়েছে প্রধানমন্ত্রী। গত শুক্রবার তিনি পৌঁছন সংযুক্ত আরব আমিরশাহীতে। ভারতের জ্বালানি সংকট মোকাবিলায় এলপিজি সরবরাহ করা নিয়ে আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়ের আল নাইয়ানের সঙ্গে দুটি বড় চুক্তি করেছেন তিনি। আমিরশাহী থেকে প্রধানমন্ত্রী পা রেখেছেন নেদারল্যান্ডসে। শনিবার দিনভর নানা কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন মোদি। প্রবাসী ভারতীয়দের একটি সভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি ভারতের স্টার্টআপ ইকোসিস্টেম, ডিজিটাল অগ্রগতি ও বিশ্বের দরবারে দেশের ক্রমবর্ধমান সাফল্যের কথা তুলে ধরেন।
সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের কথাও এই সভায় বলেন মোদি। বাংলায় ভোটপ্রচারে এসে ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন তিনি। সেই নিয়ে বেশ হইচই হয় ভোটমুখী বঙ্গে। নেদারল্যান্ডসে ভাষণ দিতে গিয়েও প্রধানমন্ত্রী বলেন, “এখানেও কি ঝালমুড়ি পৌঁছে গেছে?” মোদির নেদারল্যান্ডস সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব ছিল প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠক। শনিবার আলোচনায় বসেন দুই রাষ্ট্রপ্রধান। দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে এই বৈঠকে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, গ্রিন এনার্জি, স্বাস্থ্য এবং শিক্ষার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে। শুধু তা-ই নয়, এই ক্ষেত্রগুলিতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতেও বিস্তারিত আলোচনা হয়েছে।
