কারখানার ভাটি ব্লাস্টে গুরুতর জখম চার শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় দুই শ্রমিককে ভর্তি করা হল রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে। শুক্রবার সকালে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই কারখানায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে।জানা গিয়েছে, শুক্রবার সকালে গোপালপুরের একটি বেসরকারি ইস্পাত কারখানায় প্রতিদিনের মতোই কাজ চলছিল। সেই সময় আচমকাই বিকট শব্দে ব্লাস্ট করে কারখানার ভাটি। মুহূর্তের মধ্যে আগুনের তাপ ও গলিত পদার্থের ছিটকে পড়ায় ঝলসে যান চার শ্রমিক। ঘটনাস্থলে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। সহকর্মীরাই দ্রুত আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে পরিমল বিশ্বাস ও নিরঞ্জন বাগদী নামের দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বাকি দুই শ্রমিকও গুরুতরভাবে জখম হয়েছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমায় শ্রমিকদের পরিবার ও সহকর্মীরা। কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন শ্রমিকরা।শ্রমিকদের অভিযোগ, কারখানায় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই। নিয়ম মেনে নিরাপত্তা সরঞ্জামও অনেক সময় দেওয়া হয় না। এছাড়াও বহু শ্রমিকের ইএসআই ও পিএফ এর সুবিধা নেই বলেও অভিযোগ ওঠে।
উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ দেখান শ্রমিকরা। ঘটনায় সরব হয় বিজেপিও। কাঁকসা চার নম্বর মন্ডল বিজেপির সভাপতি শুভাশিস মুখোপাধ্যায় বলেন, “আমরা খবর পাওয়ার পরই ঘটনাস্থলে আসি। বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে। অথচ কারখানায় সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেই। যারা জখম হচ্ছেন তাদের ঠিকভাবে চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে না। কারও ইএসআই নেই, কারও পিএফ নেই। দুর্ঘটনা ঘটলে কারখানা কর্তৃপক্ষ দায় এড়িয়ে যেতে চাইছে। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, শ্রমিকদের কোনও ক্ষতি হলে তার সম্পূর্ণ দায় কারখানা কর্তৃপক্ষকেই নিতে হবে। না হলে আগামী দিনে কড়া দুর্ঘটনার পর ক্ষতিপূরণ ও পদক্ষেপ নেওয়া হবে।”