হেলমেট ছাড়া বাইক চালানো আর চলবেনা - সতর্ক বার্তা ট্রাফিক পুলিশের
আর ছাড় দেওয়া হবে না। হেলমেট ছাড়া বাইক চালানো নিয়ে কড়া ব্যবস্থা নিতে চলেছে ট্রাফিক পুলিশ। গতকাল নবান্ন থেকে রাজ্য পুলিশের একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, বাইক চালানোর সময় হেলমেট পরা বাধ্যমূলক করতে বিশেষ অভিযান চালাতে হবে। ট্র্যাফিক বিভাগ ও থানাগুলিকে যৌথভাবে অভিযান চালাতে বলা হয়েছে। এডিজি ট্র্যাফিক নিয়মিত রিপোর্ট সংগ্রহ করবেন। নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, হেলমেট ছাড়া কেউ যাতে বাইক না চালান, তা নিশ্চিত করতে হবে। কলকাতা শহরের একাধিক জায়গায় বাইক চালকদের বেশিরভাগ হেলমেট ব্যবহার করেন না বলে বারবার অভিযোগ উঠেছে। বিশেষ করে রাতে বিভিন্ন জায়গায় বাইক চালকদের দাপট দেখা যায়।
হেলমেট ছাড়াই দ্রুত গতিতে বাইক চালান। ওইসব বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না বলেও অভিযোগ ওঠে। বাইক চালানোর সময় হেলমেট পরার গুরুত্ব তুলে ধরে ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা বলছেন, বাইক চালানোর সময় হেলমেট পরা কতটা গুরুত্বপূর্ণ, তা সবাই জানেন। একটা হেলমেট দুর্ঘটনার সময় চালকের প্রাণ বাঁচাতে পারে। এই নিয়ে প্রচারও করা হয়। তা সত্ত্বেও একাধিক জায়গায় হেলমেট না পরে অনেকে বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন।
