শুভেন্দু আজ মিটিং করবেন ডায়মন্ড হারবারে - সামনে আনছে নতুন 'ডায়মন্ড হারবার মডেল'
রাজনীতিতে ডায়মন্ড হারবার মডেলের প্রবক্তা অভিষেক। এবার নতুম করে ডায়মন্ড হারবার মডেল আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আজ ১টার সময় মুখ্যমন্ত্রী আধিকারিকদের নিয়ে মিটিং করছেন। ডায়মন্ড হারবারের বিধায়কদেরও বৈঠকে ডাকা হয়েছে বলে খবর। এদিনই ডায়মন্ড হারবারের মানুষের জন্য একাধিক প্রকল্প বা উন্নয়নমূলক ঘোষণাও যে মুখ্যমন্ত্রী করতে পারেন তা নিয়েও শুরু হয়েছে চর্চা। সূত্রের খবর, ডায়মন্ড-হারবার, সুন্দরবন ও বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিক ও দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে এক দফা বৈঠক করতে পারেন। এছাড়াও ডায়মন্ড হারবার লোকসভা বিধায়কদের নিয়েও আরও একদফা বসতে পারেন তিনি। এই এলাকার যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প চলছে সেগুলি সম্পর্কে খোঁজ নিতে পারেন বলে খবর। হতে পারে পর্যালোচনা বৈঠক।
সেখান থেকেই একাধিক প্রকল্প, কর্মসূচির ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। শুভেন্দু অধিকারী যখন ডায়মন্ড হারবারে ঢুকবেন তখন তাঁকে অভ্যর্থনা জানাতে প্রচুর কর্মীরা জোড়ো হতে পারেন। তার জন্য প্রস্তুত রয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ। এছাড়াও যে আবাসিক হোটেলে পর্যালোচনা ও প্রশাসনিক বৈঠক চলবে সেখানেও রীতিমতো কড়াকড়ি করা হয়েছে। এদিকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র হিসাবে বরাবরই চর্চায় থাকে এই ডায়মন্ড হারবার। তাঁর ডায়মন্ড হারবার মডেলকে সামনে রেখে প্রচারে ঝড়ও তুলেছিল তৃণমূল। এখন অভিষেকের লোকসভা কেন্দ্র থেকেই নতুন মুখ্যমন্ত্রীর কর্মসূচি শুরু হতেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক আঙিনাতেও।
