আজকের আবহাওয়া
উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে কিছুটা দেরি। তাপমাত্রা প্রচুর।
ফলে গরমে নাজেহাল সাধারণ মানুষ। তবে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলছে। সেই বৃষ্টিতে সাময়িক ভাবে স্বস্তি মিললেও গরমের হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। তবে আজ কলকাতায় আংশিক ভাবে কয়েক পশলা বৃষ্টি হতেই পারে। পাশাপাশি কালবৈশাখীর সাক্ষী থাকতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
IMD-র দেওয়া পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। তবে শুধু বৃষ্টি নয়, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ফলে সংশ্লিষ্ট জেলাগুলির জন্য সতর্কতা জারি করা হয়েছে।এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার এক বা দুই জায়গায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ও আর্দ্রতার প্রভাবে এই জেলাগুলিতে ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। পাশাপাশি কিছু এলাকায় বিকেলের দিকে মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।