মমতা নিজের পরিবারের কাছে বিশেষ সুরক্ষিত নয় বলে জানিয়ে দিলেন অগ্নিমিত্রা পাল
আলোচনাটা শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে নিরাপত্তাকর্মী সরিয়ে নেওয়া নিয়ে। বুধবারই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায়ের বাড়ি থেকে পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। রাতেই মমতার পার্সোনাল সিকিউরিটি অফিসার বা পিএসও-দের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আপাতত, মমতার পুলিশ কিয়স্ক সম্পূর্ণ ফাঁকা। নিজের বাড়িতেই নিরাপদ নন মমতা বন্দ্যোপাধ্যায়? বাইরের লোক নয় বরং পরিবারের লোকের কাছেই বেশি ভয়!এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
অগ্নিমিত্রা বলেন, “এটা তাঁর ব্যাপার যে তিনি রাজ্য সরকারের নিরাপত্তা নেবেন নাকি কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নেবেন। কিন্তু বাইরের লোকেদের থেকে তো পরিবারের লোকেদের কাছে তাঁর সবথেকে ভয়। কারণ এর আগেও আমরা এরকম অনেক ঘটনা শুনেছি। পরিবারের কাছেই তিনি নিরাপদ নন। সেখানে তাঁকে কে বাঁচাবে। রাজ্য সরকারের সুরক্ষা নেবেন কি না, সেটা তাঁর ব্যাপার।”
অগ্নিমিত্রার আরও অভিযোগ, গত ১৫ বছরে বাংলার মানুষকে খাদের ধারে ঠেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৫ বছরে বাংলার মানুষকে বিপদে ফেলে দিয়েছেন। বিশাল কনভয়, বাড়ির সামনে পুলিশের ব্যারিকেড, কম তো অত্যাচার করেননি। আপনি এখন দেখাচ্ছেন সুরক্ষা চান না। এসব তো বাংলার মানুষ বিচার করবে। ১৫ বছর নিজেকে সুরক্ষিত করে বাংলার মানুষকে পাহাড়ের ধারে ঠেলে দিয়েছিলেন। ধাক্কা দেওয়াটা শুধু বাকি ছিল।” বিগত প্রায় ২০ বছর ধরে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল সিকিউরিটি অফিসার বা পিএসও হিসেবে কাজ করতেন, তাঁদের বুধবার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।