ভবানীপুরে শুভেন্দুর নতুন অফিস - বললেন, রোজ পরিষেবা পাবেন
ভোটের আগে শুভেন্দু বলেছিলেন, ভোটে জিতে নতুন অফিস তৈরী করে তিনি ভবানীপুরের মানুষকে পরিষেবা দেবেন। শুরু করলেন সেই কাজ। শুক্রবার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসের পবিত্র দিনে সেই কার্যালয়ের উদ্বোধন করলেন। এদিন সন্ধ্যায় দলের কর্মী, সমর্থকদের নিয়ে সূচনা ভাষণে শুভেন্দু বললেন, ‘‘এখানে রোজ আসবেন, সব পরিষেবা পাবেন।” এতদিন ভবানীপুরের ‘ঘরের মেয়ে’ হিসেবে একচেটিয়া মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর তৃণমূল কংগ্রেস কাজ করত। তিনিই সেখানকার বিধায়ক ছিলেন। ছাব্বিশের ভোটে ভবানীপুরের রাজনীতি পুরো বদলে গিয়েছে। ‘ঘরের মেয়ে’কে ফিরিয়ে ‘দাদা’কে জয়ী করেছেন সেখানকার বাসিন্দারা। তাই তাঁদের সমস্ত পরিষেবা দিতে নতুন পার্টি অফিস খুললেন শুভেন্দু অধিকারী।
গত কয়েকটি বিধানসভা নির্বাচনে ভবানীপুর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া। তিনি এখানকার বেশ কয়েকবারের বিধায়ক। একুশের ভোটে নন্দীগ্রামে পরাজিত হওয়ার পর ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতেছিলেন মমতা। ছাব্বিশের ভোটেও ভবানীপুর থেকে লড়াই করেছিলেন। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্মুখ সমরে দাঁড়ান আজকের মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত ৪ মে ভোটের ফলপ্রকাশের দিন কড়া টক্করের পর দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন। সেই থেকে ‘দিদি’র এলাকা ছেড়ে ভবানীপুরে শুরু হয় ‘দাদা’র রাজত্ব। এখন ভবানীপুরবাসীর দায়িত্ব শুভেন্দু অধিকারীর।
