ইরান আমেরিকার শান্তি চুক্তিকে স্বাগত জানালেন মোদী
তিন মাস পরে সম্ভবত এবার শান্তি চুক্তি সফল হতে চলেছে। শান্তি ফিরতে চলেছে মধ্যপ্রাচ্যে। ১০০ দিন ধরে চলছে ইরান-আমেরিকার যুদ্ধ। তার জেরে জ্বালানি সংকটে ভুগেছে গোটা বিশ্ব। ভারতেও ছবিটা একইরকম। রক্তক্ষয়ী সংঘাত শেষে এবার যুদ্ধবিরতির ইঙ্গিত মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। স্বাভাবিক হবে হরমুজ প্রণালীর জাহজ চলাচলও। এই শান্তি প্রক্রিয়াকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। ইরান যুদ্ধের জেরে নানাভাবে বিপাকে পড়েছে ভারত। হরমুজে ভারতমুখী জাহাজ চলাচলে সাময়িক অনুমতি মিললেও দেশজুড়ে মাথাচাড়া দিয়েছিল জ্বালানি সংকট। সেকারণেই নির্বাচনের পর দফায় দফায় বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। মহার্ঘ হয়েছে সিএনজি, বাণিজ্যিক এবং গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাস।
সম্প্রতি ভারতীয় নাবিকদের জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। তিনজন ভারতীয় নাবিকের মৃত্যু হয় এই হামলায়। ফলে যুদ্ধের প্রভাবে ভারতও যথেষ্ট ভুগেছে। সেই রক্তক্ষয়ী যুদ্ধের অবসান অবশেষে। ট্রাম্পের ঘোষণার পরেই এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামাতে রাজি হয়েছে ইরান এবং আমেরিকা। আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এই যুদ্ধের জেরে গোটা বিশ্বে আর্থিক সংকট দেখা দিয়েছে, মানুষ প্রাণ হারিয়েছেন। ভারত আশা করে, এই চুক্তি শান্তি এবং স্থিতাবস্থা ফিরিয়ে আনবে। সমুদ্রপথে চলাচল এবং বাণিজ্যের স্বাধীনতা আসবে। আশা করি যাবতীয় সমস্যা মেটানো হবে আগামী দিনে।’