" মমতাই হোক আমাদের পরামর্শদাতা " - নবান্ন ঠেলে ঋতব্রত
এবার নতুন বিরোধী দলের দায়িত্ব ঋতব্রতর হাতে। যে ৫৮ জন মিলে বিরোধী দল গঠন করেছেন, তারা মমতা ও অভিষেককে আলাদা করতে চাষণ। ঠিক সেই ভাবেই ভাষণ দিলেন ঋতব্রত। ঋতব্রত বলেন, “আমরা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকার অনুরোধ জানাচ্ছি। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে। তাঁর পরামর্শ পেলে আমরা গঠনমূলকভাবে বিরোধীর ভূমিকা খুব ভালোভাবে পালন করতে পারব। এই নিয়ে কোনও সংশয় নেই।”
বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার পর প্রেস কর্নারে বসে সাংবাদিক বৈঠক করল গোটা দল। আর সেখানেই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানালেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের পরামর্শদাতা হিসেবে চান। তবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সম্পর্কে বলতে গিয়ে ঋতব্রত স্পষ্ট করে দিয়েছেন, এ ক্ষেত্রে অভিষেকের সঙ্গে বিধানসভার কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, “অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। আমরা তৃণমূলের প্রতীকে ৮০ জন বিধায়ক নির্বাচিত হয়েছি। তার মধ্যে ৬০ জন মনে করেছেন, সমস্ত রীতিনীতি মেনে, এই অষ্টাদশ বিধানসভার ভিতরে থাকবেন। আমরা তৃণমূলকে রিপ্রেজেন্ট করছি।”
ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় দাবি করেছেন, তাঁরা গঠনমূলক বিরোধিতা করবেন। ওয়াকআউট করবেন না। ঋতব্রত বলেন, “আমাদের যদি কোনও বিলের বিরুদ্ধে ভোট দিতে হয়, বিলের বিরুদ্ধে ভোট দেব। তবে ওয়াকআউট করে অন্য কাউকে সুযোগ করে দেব না।”