রাজ্যসভায় তৃণমূল ১৩ থেকে কমে এখন ১০
সূত্রের খবর, দু'য়েকদিনের মধ্যে আরো কমছে। মমতার মুখ দেখানোর জায়গা থাকবে না। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেবের পর এবার ইস্তফা প্রকাশচিক বরাইকের। বৃহস্পতিবারই নিজের ইস্তফাপত্র রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিয়েছেন চা বলয়ের ওই নেতা। ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ১৩ থেকে কমে দাঁড়াল ১০-এ। শোনা যাচ্ছে, চলতি সপ্তাহে আরও এক তৃণমূল সাংসদ ইস্তফা দিতে পারেন। এ মাসের মধ্যেই পাঁচ-ছ’জন সাংসদ ইস্তফা দিতে পারেন। শুধু রাজ্যসভার সাংসদ পদ নয়, তৃণমূল থেকেই ইস্তফা দিয়েছেন। বৃহস্পতিবার ইস্তফা দিয়ে নিজের রাজনৈতিক অভিসন্ধি গোপন করলেন না প্রকাশচিক।
সাফ বলে দিলেন, “আগামী দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা নির্দেশ দেবেন, সেইমতো কাজ করব।” সরাসরি কি বিজেপিতে যোগ দেবেন তিনি? সে জল্পনাও উড়িয়ে দেননি আলিপুরদুয়ারের ওই আদিবাসী নেতা। তিনি বলছেন, “আগামী দিনে কী হবে সেটা সময় বলবে।” রাজ্য বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূল বেনজির ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের পরিষদীয় দল মমতা-অভিষেকের থেকে দূরত্ব তৈরি করেছে। সেই ব্লকে বিধায়কসংখ্যা এখন ৬৪ জন বলে দাবি। লোকসভাতেও একই ধাঁচে তৈরি হয়েছে নতুন তৃণমূল। সংসদের নিম্নকক্ষে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে একজোট হয়ে এনডিএ-তে শামিল হওয়ার চিঠি দিয়েছেন প্রায় জনা ২০ তৃণমূল সাংসদ।