কয়লা পাচার কাণ্ডে এবার মনোরঞ্জন মণ্ডল - বারাবনি থানার প্রাক্তন ওসি
এবার মনে হচ্ছে ইডি আর শীতঘুমে যাচ্ছে না। পূর্ণ উদ্যোমে কয়লা পাচার কাণ্ডের তদন্তে মাঠে নেমে পড়েছে। এবার কয়লা পাচার কাণ্ডে ইডির জালে বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। দীর্ঘদিন ধরে ইডির তলব এড়ানোর পর বৃহস্পতিবার অবশেষে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন তিনি। ইডি সূত্রের খবর, কয়লা মাফিয়াদের হাতে টাকা পৌঁছে দিতেন এই মনোরঞ্জন। সেই সম্পর্কিত তথ্য পেতে তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ইডির দাবি, প্রশ্নে একের পর এক অসঙ্গতি ধরা পড়েছে এবং জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নও এড়িয়ে গিয়েছেন তিনি। এরপর দপ্তরেই মনোরঞ্জন মণ্ডলকে গ্রেপ্তার করে ইডি। এর আগেও কয়লা পাচার মামলায় একাধিকবার তলব করা হয়েছিল প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। কিন্তু একবারও ইডি দপ্তরে হাজিরা দেননি তিনি।
রাজ্যে সরকারি পালাবদল পরেও কয়লা পাচার মামলার তলব করা হয়েছিল প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। কলকাতায় দায়ের হওয়া কয়লা পাচার মামলার তদন্তে আদালতে রিপোর্টও জমা দেওয়া হয়েছিল ইডির তরফে। সেখানে তদন্তকারীরা দাবি করেছিলেন, পুলিশ-মাফিয়া যোগসাজশেই রাজ্যজুড়ে রমরমিয়ে চলত কয়লা পাচারের সিন্ডিকেট। কয়লা পাচারে প্রোটাকশন দিতেই কাঁড়ি কাঁড়ি টাকা ঘুষ নিজের পকেটে ঢোকাতেন বারাবনি থানার প্রাক্তন ওসি। আদালতে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও ট্রাকজ্যাকশন আইডি সহ একাধিক তথ্য উল্লেখ করে ইডি জানিয়েছিল, বিপুল পরিমাণ অর্থ ঢুকেছে মনরোঞ্জন মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। রিপোর্টে ইডির তরফে দাবি করা হয়েছিল, বারাবনি থানার ওসির দায়িত্বে থাকাকালীন একাধিক হাতের মাধ্যমে ঘুষের টাকা পৌঁছে যেত মনোরঞ্জনের কাছে।
