Type Here to Get Search Results !

উত্তরপাড়ায় বৃহন্নলা সম্প্রদায়ের একাংশের বিরুদ্ধে জাল নথি, তোলাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ

 উত্তরপাড়ায় বৃহন্নলা সম্প্রদায়ের একাংশের বিরুদ্ধে জাল নথি, তোলাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ



হুগলির উত্তরপাড়া থানায় একাধিক গুরুতর অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করলেন বৃহন্নলা রূপালি মল্লিক ওরফে সমীর মল্লিক। অভিযোগে আবু ওরফে একবাল হোসেন, সুইতি বৃহন্নলা, রত্না চৌধুরী, অলিভিয়া ওরফে সোনামণি শেখ, পূজা ওরফে শেখ আসগর, ভারতী-সহ কয়েকজনের বৃহন্নলার বিরুদ্ধে জাল পরিচয়পত্র তৈরি, তোলাবাজি, ভয়ভীতি প্রদর্শন, হেনস্তা এবং বিভিন্ন বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।


অভিযোগপত্রে দাবি করা হয়েছে, প্রায় ১৮ বছর আগে বাংলাদেশ থেকে আসা সুইতি বৃহন্নলার সঙ্গে পরিচয়ের সূত্রে আবু ওরফে একবাল হোসেন বৃহন্নলা সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে তিনি ও তাঁর সহযোগীরা তৃনমুল নেতাদের সাহায্যে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট-সহ বিভিন্ন নথি তৈরি করে অবৈধভাবে বৃহন্নলা সম্প্রদায়ে অনুপ্রবেশ করান এবং একটি সমান্তরাল গোষ্ঠী গড়ে তোলেন বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, এই গোষ্ঠী দীর্ঘদিন ধরে তৃনমূল কর্মীদের মদতে তোলাবাজি, জুয়ার সিন্ডিকেট পরিচালনা এবং সম্প্রদায়ের সদস্যদের উপর চাপ সৃষ্টি করে আসছিল।


লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অতীতেও একাধিক ফৌজদারি মামলা হয়েছে। সম্প্রদায়ের সদস্যদের ভয় দেখানো, হুমকি দেওয়া, এমনকি প্রতিবাদীদের মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টার অভিযোগও তোলা হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, তিনি বেআইনি কর্মকাণ্ডের বিরোধিতা করায় তাঁকে এবং তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে।


পরিস্থিতির জেরে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে উত্তরপাড়া থানার আইসি-র কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, এফআইআর দায়ের এবং উপযুক্ত নিরাপত্তার আবেদন জানিয়েছেন বৃহন্নলা অভিযোগকারী।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.