আন্তর্জাতিক
পাকিস্তানে প্রত্যাঘাত আফগানিস্তানের - বিপাকে পাকিস্তান
পাকিস্তানের ঘরে ঢুকে এবার ভয়ংকর হামলা চালাল আফগানিস্তান। ডুরান্ড লাইন পেরিয়ে খাইবার পাখতুখোয়া ও বালোচিস্তানে চলল মুহুর্মুহু ড্রোন হামলা। শুক্রবার সকালে এই তথ্য প্রকাশ্যে এনেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক। তালিবানের দাবি, বিরাট এই অভিযানে ওই অঞ্চলে থাকা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রোভিন্সের (ISIS-K) একাধিক জঙ্গি ঘাঁটি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি আফগানিস্তানে এয়ার স্ট্রাইক চালিয়েছিল পাকিস্তান সেনা। তারই জবাবে এই হামলা বলে জানা যাচ্ছে। আফগান সরকারের দাবি অনুযায়ী, আইএসআইএসের এই জঙ্গি ঘাঁটিগুলি আফগানিস্তানে হামলার ষড়যন্ত্র করছিল। তাই আত্মরক্ষার্থে এই হামলা চালিয়েছে তালিবান সেনা।
পাশাপাশি তালিবানের তরফে জানানো হয়েছে, গত সপ্তাহে পাক সেনা আফগানিস্তানের মাটিতে ঢুকে এয়ার স্ট্রাইক চালায়। খোস্ত, কুনার এবং পাকতিকা অঞ্চলে সেই হামলায় বহু নারী ও শিশুর মৃত্যু হয়েছিল, তারই জবাবে এই হামলা চালানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হামলা চলেছে গুলিস্তান, শাকার আব এবং কাম্বার খেলের মতো এলাকাগুলিতে। এই এলাকায় থাকা ঘাঁটিগুলিতে আইএস জঙ্গিদের ট্রেনিং ও হামলার ষড়যন্ত্রে ব্যবহার করা হত। এই সমস্ত ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে। আফগানিস্তানের নিরাপত্তার জন্য এই হামলাগুলি গুরুত্বপূর্ণ ছিল।