পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান কে হতে চলেছেন? জটিলতা বেড়েই চলেছে
বিধানসভার সমস্ত কমিটিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি পাবলিক একাউন্ট কমিটি বা পিএসি। প্রথা অনুযায়ী এই কমিটির চেয়ারম্যানের পদ পান বিরোধী দলের পক্ষ থেকে। কিন্তু এবার?তৈরী হয়েছে সমস্যা। বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) গঠনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। আগামী ৫ জুলাই নির্বাচনের দিন স্থির হয়েছে। একাধিক রাজনৈতিক দল মনোনয়ন জমা দিলে নির্বাচন হতে পারে বলে সূত্রের খবর। বিধানসভায় মোট ১১টি স্ট্যান্ডিং কমিটি এবং প্রায় ২০টি হাউস কমিটি রয়েছে। এর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ কমিটি হিসেবে ধরা হয় পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে। পিএসি-তে চেয়ারম্যান-সহ সর্বাধিক ২০ জন সদস্য থাকতে পারেন। ২০-এর বেশি মনোনয়ন জমা পড়লেই ভোটাভুটি হবে। পরিষদীয় প্রথা অনুযায়ী, এই কমিটির চেয়ারম্যান পদটি প্রধান বিরোধী দলের হাতে যাওয়ার কথা। যদিও তৃণমূল কংগ্রেসের আমলে সেই প্রথা মানা হয়নি বলে অভিযোগ রয়েছে।
এবার পিএসি গঠনের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের দুই শিবিরই এই সম্মানীয় পদ নিয়ে ঝাঁপানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি শাসক ও বাকি বিরোধী দলগুলিও মনোনয়ন জমা দিতে পারে। সাম্প্রতিক সময়ে পিএসি নিয়ে বিধানসভায় ভোটাভুটির নজির নেই। ফলে এবার নির্বাচন হলে তা কার্যত নজিরবিহীন ঘটনা হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।
