তামান্নার মায়ের বিশ্বাস, এবার নতুন মুখ্যমন্ত্রী তাকে বিচার দেবেন
মঙ্গলবার বিকেলে বিধানসভাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন তামান্নার মা , আনিশের বাবা-সহ তৃণমূল সরকারের আমলে ঘটে যাওয়া মর্মান্তিক পরিনতির জন্য স্বজনহারা কয়েকটি পরিবার। মূলত বিচারের দাবি নিয়েই এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন স্বজনহারা পরিবারগুলি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আশ্বস্ত প্রত্যেকেই। বললেন, ‘‘বিগত সরকার বিচার দেওয়ার জন্য কিছুই করেনি। আসল অভিযুক্তরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে আমাদের বিচার হবেই বলে আশ্বাস দিলেন তাতে মুখ্যমন্ত্রীর উপর আমাদের পূর্ণ আস্থা, ভরসা আছে।’’ ২০২৩ সালের জুন মাস। নদিয়ার কালীগঞ্জে তৎকালীন শাসক তৃণমূলের বোমায় জখম হয়ে মৃত্যু হয় বছর দশেকের তামান্নার বলে অভিযোগ।
উপনির্বাচনের ফল ঘোষণার পর এলাকা জুড়ে চলা বিজয় মিছিল থেকেই তামান্নার দিকে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। তারপরই মৃত্যু। তারপর কেটে গিয়েছে বেশ কয়েক বছর। কিন্তু বিচার? না, ‘‘মেলেনি এখনও।’’ বললেন তামান্নার মা। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দেখা করার পর এবার বিচার নিয়ে আশাবাদী তামান্নার মা।এদিকে হাওড়ার আমতায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের বাবা সালেম খানও বিচারের দাবিতে বিধানসভায় এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরাসরি দেখা করেছেন। পরিবারের অভিযোগ শোনার পর মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিজি-কে ফোন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন বলে জানান আনিসের বাবা। ‘‘আমরা খুশি । মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে। এবার আমার ছেলের বিচার হবে।’’ বললেন আনিসের বাবা।
