আন্তর্জাতিক
শেষ পর্যন্ত শান্তিচুক্তিতে সই করলো আমেরিকা ও ইরান
অবশেষে শান্তির ইঙ্গিত পাচ্ছে বিশ্ব। এবার বন্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। সাড়ে তিন মাসেরও বেশি দীর্ঘ সংঘাত পেরিয়ে অবশেষে পশ্চিম এশিয়ায় স্বস্তির হাওয়া। বুধবার শান্তিচুক্তি স্বাক্ষর করল ইরান এবং আমেরিকা। এর মাধ্যমেই খুলে যাচ্ছে বিশ্বের ‘তৈল ধমনী’ হরমুজ প্রণালী। জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সমঝোতা পত্রে স্বাক্ষর করেছেন। তবে এই স্বাক্ষর ডিজিটাল পদ্ধতিতে হয়েছে বলে খবর। এর আগে ঠিক হয়েছিল, আগামী ১৯ জুন অর্থাৎ শুক্রবার সুইৎজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে সব সই-সাবুদ পর্ব সম্পন্ন হবে। উপস্থিত থাকার কথা ছিল দুই দেশের প্রতিনিধিদের। কিন্তু তার আগের দিনই সমঝোতা পত্রে সিলমোহর পড়ল। তাহলে কি জেনেভার কর্মসূচি বাতিল হবে? সেবিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
তেহরানও এবিষয়ে কিছু স্পষ্ট করেনি। তবে ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ডিজিটাল পদ্ধতিতে সমঝোতা পত্রে কার্যকর করার অর্থ হল সুইজারল্যান্ডের পূর্বনির্ধারিত কর্মসূচি আয়োজিত হবে না। এক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার জি৭ সম্মেলনের পর ফ্রান্সের প্যারিসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের মাঝেই সমঝোতা পত্রে স্বাক্ষর করেন ট্রাম্প। অন্যদিকে, সমঝোতা পত্রে সম্মতির বিষয়টি নিশ্চিত করেন ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেইও। তিনি জানান, মধ্যস্থতাকারী পাকিস্তান যে চুক্তিপত্রের যে খসড়াটি পাঠিয়েছিল, তাতে দুই দেশের প্রেসিডেন্টই সম্মতি প্রকাশ করেছেন এবং তাতে স্বাক্ষর করেছেন।
