এবার বাংলাকে ঠান্ডা করতে ছুটে আসছে বৃষ্টি
প্রাকৃতিক দিক থেকে প্রবল উত্তপ্ত বাংলা। নাস্তানাবুদ হচ্ছে মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে সুখবর পাওয়া যাচ্ছে। আগামী শুক্রবার থেকে ফের বৃষ্টির স্পেল শুরু হচ্ছে বাংলায়। মহানগরেও বৃষ্টি চলবে। এমনই প্রাথমিকভাবে জানা গিয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে বলে খবর। তবে আজ, বুধবার ও আগামী কাল বৃহস্পতিবার বঙ্গে প্রবল গরম ও অস্বস্তি থাকবে বলে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে।গত সপ্তাহেই কলকাতাস-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী দেখা গিয়েছিল। একঝটকায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি এসেছিল। তবে তা ছিল ক্ষণিকের জন্য। দিক দুয়েকের মধ্যেই ফের তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা হয় বাংলার মানুষের। আগামী কাল, বৃহস্পতিবার পর্যন্ত অস্বস্তিকর গরম চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আজ, বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা খুব বেশি না বাড়লেও গরম এবং অস্বস্তিতে ফিললাইক টেম্পারেচার বাড়বে।
সেই কথা জানানো হয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আজ মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৯১ শতাংশ। এদিন মহানগরের পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশও থাকবে। রোদের তেজ বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অসস্তিতে ফিল লাইক টেম্পারেচার বেশি অনুভূত হবে। আগামী শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।