Type Here to Get Search Results !

নিজের দেশের সন্ত্রাসবাদকে আগে দমন করুন - পাকিস্তানকে ভারত সরকার

 নিজের দেশের সন্ত্রাসবাদকে আগে দমন করুন - পাকিস্তানকে ভারত সরকার 



  করাচিতে সিন্ধ রেঞ্জার্সের ঘাঁটিতে হামলার ঘটনায় পাকিস্তানের অভিযোগ উড়িয়ে দিল ভারত। রবিবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সন্ত্রাসবাদের জন্য অন্যের দিকে আঙুল তোলার বদলে পাকিস্তানকে নিজেদের ভূখণ্ডে সক্রিয় জঙ্গি পরিকাঠামো ধ্বংস করার পরামর্শ দিয়েছে দিল্লি।পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত ভারত-বিরোধী অভিযোগ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'করাচির সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে, তা আমরা প্রত্যাখ্যান করছি।' কড়া ভাষায় তিনি আরও বলেন, 'পাকিস্তানের উচিত অন্যের দিকে আঙুল না তুলে নিজেদের দিকে নজর দেওয়া। নিজেদের ভূখণ্ডে থাকা সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেওয়া। সন্ত্রাসবাদকে ব্যবহার করার প্রবণতা থেকে সরে আসা।' 


   শনিবার সন্ধ্যায় করাচির গুলিস্তান-ই-জওহর এলাকায় সিন্ধ রেঞ্জার্সের ভিট্টাই উইং সদর দফতরে জঙ্গিরা হামলা চালায়। পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা প্রথমে একটি গাড়ি দিয়ে মূল ফটক ভেঙে ভেতরে ঢোকে এবং পরে গ্রেনেড ছুড়ে একাধিক বিস্ফোরণ ঘটায়। ঘটনার খবর পেয়েই দ্রুত ওই এলাকায় পৌঁছে যান সে দেশের বিভিন্ন বাহিনীর নিরাপত্তাকর্মীরা। এরপর প্রায় ৯০ মিনিট ধরে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াই চলে। পরে স্পেশাল সিকিউরিটি ইউনিট (SSU) এবং অ্যান্টি-টেররিস্ট ফোর্স অভিযানে যোগ দেয়।পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দাবি, অভিযানে ছয় জঙ্গি নিহত হয়। জখম এক জঙ্গিকে জীবিত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। হামলায় সিন্ধ রেঞ্জার্সের চার সদস্য নিহত হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.