Type Here to Get Search Results !

এবার সীমান্তে বসতে চলেছে অত্যাধুনিক 'স্মার্ট কাঁটাতার' - ঘোষণা অমিত শাহের

 এবার সীমান্তে বসতে চলেছে অত্যাধুনিক 'স্মার্ট কাঁটাতার' - ঘোষণা অমিত শাহের 



  বাংলাদেশে ও পশ্চিমবঙ্গের সুদীর্ঘ সীমান্ত এখনও মুক্ত। কোনো কাঁটাতার নেই। জমি জটিলতায় এতদিন সেখানে কোনো কাজ করা যাচ্ছিল না। নতুন রাজ্য সরকার আসার পরেই নতুন করে কাজ শুরু হতে চলেছে। পাখির চোখ ‘চিকেনস নেক’ অর্থাৎ ‘শিলিগুড়ি করিডরে’র নিশ্ছিদ্র নিরাপত্তা। রাজ্যে পালাবদলের পর সীমান্তে জমি জট কেটেছে। কাঁটাতারের বেড়া তৈরির কাজ দ্রুত শেষ করার ব্লু-প্রিন্ট চূড়ান্ত। কোনও ভাবেই যেন অনুপ্রবেশ না ঘটে সেজন্য বসবে অত্যাধুনিক ত্রিস্তরীয় ফেন্সিং অর্থাৎ স্মার্ট কাঁটাতারের বেড়া। শনিবার জলপাইগুড়ি জেলার ফুলবাড়ির জুম্মাগছে ভারত-বাংলাদেশ সীমান্তের বিএসএফ আউটপোস্ট পরিদর্শন করে একথা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে এদিন সীমান্তে দাঁড়িয়ে রাজ্যে দশটি নতুন বর্ডার আউটপোস্ট তৈরির কথাও ঘোষণা করেন তিনি। তার মধ্যে দু’টি উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারে হবে। এছাড়াও ৭৭.০৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 


  সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখতে ওয়াচ-টাওয়ার পরিদর্শন করেন। পরে উত্তর কন্যায় উচ্চ পর্যায়ের নিরাপত্তা বিষয়ে বৈঠকে অমিত শাহ জানিয়ে দেন, নদী এলাকায় স্মার্ট ভার্চুয়াল ফেন্সিং এবং উন্নত থার্মাল ইমেজিং সিস্টেম বসানো হবে। যেন জলপথেও ‘পাখি গলার’ সুযোগ না থাকে। দেশের নিরাপত্তার ক্ষেত্রে ‘চিকেনস নেক’ অর্থাৎ ‘শিলিগুড়ি করিডর’ খুবই গুরুত্বপূর্ণ। এহেন পরিস্থিতিতে এদিনে শাহের উত্তরবঙ্গ সফর ছিল খুবই গুরুত্বপূর্ণ। সীমান্তে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে সীমান্ত নিশ্ছিদ্র করার ব্লু-প্রিন্ট তৈরি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিএসএফ-এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজিকে নিচ্ছিদ্র নিরাপত্তা ও মহানন্দার উন্মুক্ত নদীপথে অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.