বিনোদন
সলামনের পরে এবার আমিরকে হত্যা করার হুমকি বিষ্ণোইদের
সবসময় বলিউডের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে এই বিষ্ণোই গোষ্ঠীর। পুলিশ খুব বেশি কিছু করতে পারছে না। ষাটোর্ধ্ব বয়সে এসেও খবরের শিরোনামে আমির খান (Aamir Khan)। তবে এবার কোনও সিনেমার সাফল্য নয়, বরং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আইনি ও রাজনৈতিক মহাবিপাকে ‘মিস্টার পারফেকশনিস্ট’। সম্প্রতি পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর অধীনে গৌরী স্প্র্যাটের সঙ্গে তৃতীয়বার আইনি বিয়ে সেরেছেন এই বলিউড সুপারস্টার। আর এই বিয়ের খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাজনৈতিক দল থেকে শুরু করে কট্টরপন্থী সংগঠন— সবাই এখন আমিরের এই পদক্ষেপের বিরোধিতায় সরব।
চারিদিকে চলা এই তীব্র সমালোচনার ঝড়ের মধ্যে গত বুধবার আমির খান স্পষ্ট করেন যে, তাঁর আগের দুই স্ত্রী হিন্দু হলেও বর্তমান স্ত্রী গৌরী আদতে খ্রিস্টান ধর্মাবলম্বী। তবে অভিনেতার এই সাফাইতেও ক্ষোভের আগুন কমেনি। উল্টে ‘লাভ জেহাদ’ প্রচারের অভিযোগ তুলে এবার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই আমিরকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি অডিও বার্তায় আরজু বিষ্ণোইকে বলতে শোনা যায়, “আমির খানের মতো যারা আমাদের দেশে ‘লাভ জেহাদ’-এর প্রচার চালাচ্ছে, তাদের সতর্ক করে দিচ্ছি যে সনাতন ধর্মবিরোধী এই ধরনের কাজ আমরা কোনওভাবেই বরদাস্ত করব না। এটা আমাদের সংস্কৃতির পরিপন্থী। তাই আমির খান এবং ওঁর ঘনিষ্ঠদের বলছি— তৈরি থাকুন, খুব তাড়াতাড়ি এর ফল ভোগ করতে হবে। যেখানেই পাব, এমন শিক্ষা দেব যা ভবিষ্যতেও মনে রাখবে।”
