জানেন,'সপ্তপদী’ সিনেমার ওথেলোর দৃশ্যে সুচিত্রার জন্য কণ্ঠ দিয়েছিলেন কে?
বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের ইতিহাস ঘাঁটলে যে জুটির নাম আপামর বাঙালির আবেগ আর ভালোবাসাকে চিরকাল নাড়া দিয়ে যায়, তাঁরা হলেন মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar) এবং মহানায়িকা সুচিত্রা সেন (Suchitra Sen)। ১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত এই জুটির কালজয়ী ছবি ‘সপ্তপদী’ (Saptapadi) আজও রোমান্টিসিজমের এক অনন্য মাইলফলক। ছবিতে পরিচালক অজয় কর যেভাবে রিনা ব্রাউন আর কৃষ্ণেন্দুর প্রেম, সংঘাত ও ট্র্যাজেডিকে সেলুলয়েডে ফুটিয়ে তুলেছিলেন, তা এককথায় ইতিহাস। তবে এই ছবির অন্যতম প্রধান আকর্ষণ ছিল উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত নাটক ‘ওথেলো’ (Othello)-র সেই অবিস্মরণীয় মঞ্চস্থ দৃশ্যটি। যার দিকে অপলক আজও তাকিয়ে থাকা যায়। বিশেষ করে দৃশ্যতে, উত্তম-সুচিত্রার অভিব্যক্তি এবং সঙ্গে কণ্ঠস্বর। পর্দায় মহানায়ক ও মহানায়িকার সেই নিখুঁত ঠোঁট মেলানো আর রাজকীয় অভিনয় দেখে বোঝার উপায় ছিল না যে, নেপথ্যে ওথেলো আর ডেসডিমোনার সংলাপের জন্য অন্য কারও কণ্ঠ ধার করা হয়েছিল। অনেকেই জানেন যে, ওথেলো রূপী উত্তম কুমারের জন্য মেঘগম্ভীর কণ্ঠে ছিলেন উৎপল দত্ত।
ডেসডিমোনা রূপী সুচিত্রা সেনের নেপথ্যে সেই ইংরেজিতে সংলাপ বলা কণ্ঠটি কার ছিল, তা আজও অনেক চলচ্চিত্র প্রেমীর কাছে এক অজানা রহস্য! 'সপ্তপদী’ ছবিতে রিনা ব্রাউনের চরিত্রে সুচিত্রা সেন যখন মঞ্চে ডেসডিমোনা সেজে নিখুঁত ইংরেজি উচ্চারণে সংলাপ বলছিলেন, নেপথ্যে সেই জাদুকরী কণ্ঠটি দিয়েছিলেন প্রখ্যাত ব্রিটিশ অভিনেত্রী জেনিফার কাপুর (Jennifer Kapoor)। যিনি পরবর্তীকালে হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা শশী কাপুরকে বিয়ে করেন।
