Type Here to Get Search Results !

মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করতে পুজোর আগেই সরকারি বাসে সিসিক্যামেরা - অর্জুন সিং

 মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করতে পুজোর আগেই সরকারি বাসে সিসিক্যামেরা - অর্জুন সিং 



  পুজোর আগে রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে একগুচ্ছ পরিকল্পনার ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। নতুন সরকারি বাস, সব মহিলার জন্য ‘পিঙ্ক কার্ড’, বন্ধ রুটে ফের বাস পরিষেবা, সরকারি বাসে জিপিএস-সিসিটিভি, বেআইনি অটো-টোটো ও সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া অভিযান— একের পর এক ঘোষণা করেন তিনি। পাশাপাশি আগের সরকারের আমলে পরিবহণ দপ্তরে দুর্নীতির অভিযোগ তোলেন মন্ত্রী। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করে জেলে পাঠানোর হুঁশিয়ারিও দেন। মঙ্গলবার বারাকপুরে বারাকপুর-এসপ্ল্যানেড নতুন সরকারি বাস রুটের উদ্বোধন করেন অর্জুন সিং। এরপর জানান, প্রায় ২ কোটি টাকা দামের অত্যাধুনিক বাস ইতিমধ্যেই পরিষেবায় নেমেছে। পুজোর আগেই আরও ইলেকট্রিক, সিএনজি ও শীতাতপ নিয়ন্ত্রিত বাস রাস্তায় নামবে।


  কেন্দ্রের কাছে আরও ১,০০০ বাস চাওয়া হয়েছে। এস-১১ রুটের পাশাপাশি ৮৫ নম্বর ও এমএন-৫-সহ বন্ধ রুটেও ফের বাস চালুর আশ্বাস দেন তিনি। ভবিষ্যতে পর্যটনের জন্য ওপেন-হুড ডাবল ডেকার বাস চালুর পরিকল্পনার কথাও জানান। মহিলা যাত্রীদের নিরাপত্তায় সব সরকারি বাসে জিপিএস, সিসিটিভি ও টোল-ফ্রি নম্বর চালু হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে কোনও আয়সীমা বা যোগ্যতার শর্ত ছাড়াই সব মহিলার জন্য ‘পিঙ্ক কার্ড’ চালু হচ্ছে। দু-চার দিনের মধ্যেই প্রক্রিয়া শুরু হবে বলে জানান মন্ত্রী। এরপর পরিবহণ দপ্তরে দুর্নীতির অভিযোগ তুলে অর্জুনের দাবি, আগের সরকারের আমলে সরকারি বাসের টায়ার ও যন্ত্রাংশ চুরি হয়েছে। ভালো বাসের যন্ত্রাংশ খুলে বিক্রি করে পুরনো টায়ার লাগানো হয়েছে। এই অপচয় বন্ধ করা গেলে পরিবহণ ব্যবস্থাকে লাভজনক করা সম্ভব।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.