Type Here to Get Search Results !

রথযাত্রা উৎসব কমিটিকে ৫ লক্ষ টাকা অনুদান

 রথযাত্রা উৎসব কমিটিকে ৫ লক্ষ টাকা অনুদান 



  যখন পূর্ববর্তী সরকার প্রথম প্রথম দুর্গাপূজা কমিটিকে আর্থিক অনুদান দেওয়ার শুরু করেছিল তখন নাগরিক মহলের একাংশ বলেছিলেন, সরকারি টাকা কি ধৰ্মীয় অনুদানে ব্যবহার করা যায়? শুভেন্দু সরকার এবার শুরু করলেন রথযাত্রা উপলক্ষে অনুদান। নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যের ঐতিহ্যপূর্ণ রথযাত্রা কমিটিগুলিকে পাঁচ লক্ষ টাকা অনুদান দেবে রাজ্য সরকার। বিগত সরকারের আমলে শুধুমাত্র দুর্গাপুজোয় অনুদান দেওয়া হয়েছে। রথযাত্রায় রাজ্যের বড় অঙ্কের অনুদান এই প্রথম। মূলত, রথযাত্রা উৎসবকে আরও জমকালো এবং সুশৃঙ্খল করতে এই বিশেষ প্যাকেজের ঘোষণা করেছে রাজ্য সরকার। নবান্নের তরফে জানানো হয়েছে, জেলাশাসকদের সুপারিশের ভিত্তিতে রাজ্যের চিহ্নিত রথযাত্রা কমিটিগুলোকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে।


  বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, জেলায় জেলায় সেবা শিবির করা হবে। পুণ্যার্থীদের সুবিধার্থে প্রতি জেলায় ১ লক্ষ টাকা খরচ করে বিশেষ ‘সেবা শিবির’ তৈরি করা হবে। এই শিবিরগুলো থেকে মিলবে পানীয় জল, ওআরএস (ORS), প্রাথমিক চিকিৎসা, জরুরি চিকিৎসা পরিষেবা এবং প্রয়োজনীয় সহায়তা। সব কমিটি এই অনুদান পাবে না। জেলাশাসকদের রিপোর্টের ভিত্তিতে নির্দিষ্ট কিছু নিয়মে কমিটি বাছাই করা হবে। কোন কমিটির রথ কত বড়, তার ভিত্তিতেও কমিটিগুলোকে টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। আয়োজকদের মতে, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম কোনও সরকার রথযাত্রা উৎসবের জন্য সরাসরি এত বড় আর্থিক সাহায্য ঘোষণা করেছে। নবান্নের এই পদক্ষেপে উৎসবের জৌলুস ও নিরাপত্তা দুই-ই বহুগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, তৃণমূল জমানায় দুর্গাপুজোর ক্লাবগুলোকে অনুদান দিত রাজ্য সরকার। গত বছরও ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল। তবে, শুভেন্দু-সরকারের আমলে সব পুজো কমিটিকে অনুদান নাও দেওয়া হতে পারে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.