ব্যাঙ্ককের বারে ভয়বহ অগ্নিকান্ডে মৃত ২৭ আশঙ্কাজনক আরো ২২
থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ ঘটনায় মৃত্যু হয়েছে ২৭ জনের, আহত আরও প্রায় ৬৩ জন। তাঁদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। রবিবার গভীর রাতে উত্তর ব্যাঙ্ককের না লাডপ্রাও l পাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী দল জানিয়েছে, রাত প্রায় ১২টা নাগাদ আচমকাই বারে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গোটা ভবনে ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন উপস্থিত মানুষজন। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
ঘটনাস্থল পরিদর্শনে যান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। তিনি জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তার দাবি, বারে গান গাইছিলেন এমন এক শিল্পী জানিয়েছেন, মঞ্চের কাছে একটি সার্কিট ব্রেকার থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরই একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যে পুরো বার ঘন ধোঁয়ায় ভরে যায়।