যাদবপুরে পোছা হলো বেশ কিছু পোস্টার
যাদবপুরের সেই বিতর্ক সমানে চলেছে। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে মোছা হল বিতর্কিত পোস্টার। বিতর্কের মাঝে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘দেশবিরোধী’ ও ‘আপত্তিকর’ দেওয়াল লিখন ও গ্রাফিতি মুছে ফেলার সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ‘সাফাই অভিযান’ শুরুর আগেই মঙ্গলবার বিতর্কিত কিছু দেওয়াল লিখন নিজেরাই ঢেকে দিল এসএফআই। কলা বিভাগের ছাত্রদের হস্টেল চত্বরে এই ধরনের দেওয়াল লিখনের ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এরপরেই ক্যাম্পাসে ‘সাফাই অভিযান’ চালু হবে বলে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ থেকে এই অভিযান শুরু হতে পারে। কিন্তু তার আগে মঙ্গলবারই বিতর্কিত কিছু দেওয়াল লিখন ঢেকে ফেলা হল।জানা গিয়েছে, কর্তৃপক্ষের এই সাফাই অভিযানে ক্যাম্পাস চত্বরে থাকা ‘আপত্তিকর’ ও ‘দেশবিরোধী’ সব স্লোগান ও গ্রাফিতি মুছে ফেলা হবে।
যদিও এবিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল বলেন, “এটি বিতর্কিত বিষয়। এখনই কিছু মন্তব্য করব না।” অন্যদিকে জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে চাপানউতোরের মাঝে রাখীবন্ধন উৎসব উপলক্ষে যাদবপুরে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দেন, “যাদবপুরে কিষেনজি রেড স্যালুট চলবে না। সব ডকুমেন্ট আছে। ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, “বেশ কয়েকজন ছাত্র সিএমওতে আর্টস হস্টেলের বেশ কিছু ভিডিও পাঠিয়েছেন। তা ভিসিকে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। অপেক্ষা করুন, এই সব মেনে নেওয়া হবে না।” সাংবাদিক বৈঠকের পরেই এক্স হ্যান্ডল থেকে বিশ্ববিদ্যালয়ে থাকা সেই সব ‘আপত্তিকর’ ও ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন ও গ্রাফিতির ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিতর্কিত দেওয়াল লিখল ঢেকে ফেলার কাজ শুরু হল।