Type Here to Get Search Results !

প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের ছেলে শতদল কি এবার রাজনীতিতে প্রবেশ করছেন?

 প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের ছেলে শতদল কি এবার রাজনীতিতে প্রবেশ করছেন? 



  প্রাক্তন তৃণমূল বিধায়ক, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের প্রয়ানে ভেঙে পড়েছে তাঁর পরিবারের সকলেই। কলকাতা থেকে ছুটে গেছেন ছেলে শতদল। রবিবার দুপুরে সদ্য পিতৃহারা শতদলবাবুকে ঘিরে ছিলেন দলের সকলে। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় তাঁর নিজের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে। আশিসবাবু সুইসাইড নোটে নাকি উল্লেখ করেছেন, তাঁর একমাত্র ছেলে যেন রাজনীতিতে জড়িয়ে না পড়ে। এনিয়ে শতদল বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘বাবা কোনওদিন চাইতেন না, আমি রাজনীতি করি। বারবার সেকথা বলতেন। আমিও রাজনীতি থেকে শতহস্ত দূরে থাকতাম।” তবে কি এখন নতুন করে রাজনীতিতে যোগ দেবেন? এই প্রশ্নের জবাবে তিনি জানান, ‘‘এটা বলার মতো মানসিক অবস্থা আমার এখন নেই। বাবা তো চাইতেন না। তবে ভবিষ্যতে কী হবে, কিছু বলা যায় না।” 


  যে রাজনীতির পঙ্কিল আবর্তে পড়ে আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো সজ্জন ব্যক্তিকে প্রাণ দিতে হল, সেই মৃত্যুই কি ছেলেকে টেনে আনবে একই পথে? এই প্রশ্ন থাকছেই। আশিস বন্দ্যোপাধ্যায়ের গোটা জীবন কেটেছে রাজনীতির জগতে। ছাত্রাবস্থা থেকে হাতেখড়ি। তারপর রাজ্যের কৃষিদপ্তরের মন্ত্রিত্ব সামলানো। শিক্ষকতা যদি পেশা হয়, রাজনীতি ছিল তাঁর নেশা। মানুষের কাজ করার আরেক রাস্তা হিসেবেই ঢুকে পড়েছিলেন এই জগতে। পঁচাত্তর বছর বয়সে এসে তাঁর মনে অদ্ভুত এক বোধ কাজ করছিল – ‘রাজনীতিতে আসাই ভুল ছিল’। সুইসাইড নোটে সেকথা লিখেওছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে তাঁর আকস্মিক মৃত্যুতে টলিয়ে দিয়েছে গোটা পরিবারকে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.