বিনোদন
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন আজ গোটা দেশের কাছে অভিনয়ের সমার্থক। কয়েক দশকের দীর্ঘ কেরিয়ারে একের পর এক কালজয়ী চরিত্রে অভিনয় করে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু যদি অভিনয়ের জগতে না আসতেন? কোন পেশায় দেখা যেত তাঁকে? সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে এমনই এক অজানা ইচ্ছের কথা জানালেন অমিতাভ বচ্চন। জানালেন, একসময় তাঁর ইচ্ছে ছিল ভারতীয় বিদেশ পরিষেবা বা IFS-এ যোগ দেওয়ার। কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সাম্প্রতিক পর্বে নিজের ছাত্রজীবন এবং কেরিয়ার নিয়ে বেশ কিছু পুরনো স্মৃতি ভাগ করে নেন বিগ বি। সেই আলোচনাতেই উঠে আসে তাঁর একসময়কার পেশাগত স্বপ্নের কথা। অমিতাভ জানান, একটা সময় তিনি IFS অফিসার হওয়ার কথা ভেবেছিলেন।
তবে সেই সময় সিভিল সার্ভিস সম্পর্কে তাঁর খুব বেশি ধারণা ছিল না। ফলে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মতো নির্দিষ্ট প্রস্তুতিও নেওয়া হয়নি। অমিতাভের এই পুরনো ইচ্ছের প্রসঙ্গ আসে প্রতিযোগী প্রগতি দিনেশ কালপেকরের সঙ্গে কথোপকথনের সময়। প্রগতির নিজেরও স্বপ্ন IFS অফিসার হওয়া। তাঁর সেই স্বপ্নের কথা শুনেই নিজের ছাত্রজীবনের কথা মনে পড়ে যায় অমিতাভের।