Type Here to Get Search Results !

নেপালে হড়পা বানে মৃত ১৯ - ভারতের প্রধানমন্ত্রীর উদ্বেগ প্রকাশ

 নেপালে হড়পা বানে মৃত ১৯ - ভারতের প্রধানমন্ত্রীর উদ্বেগ প্রকাশ 



  ভোতে কুশি নদীতে হঠাৎ হড়পা বানে একেবারেই ধ্বংসের মুখে নেপালের বিস্তীর্ণ অঞ্চল। কেউ কিছু বোঝার আগেই নদীর আশেপাশের বিরাট অংশ চলে যায় জলের তলায়। নেপালের বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন ভারতও। নেপালে হড়পা বানের (Nepal Flash Flood) খবর পেতেই সে দেশের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (PM Balendra Shah)-কে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। খবর সরকারি সূত্রে। জানা গিয়েছে, তিনি নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজ নেন। একইসঙ্গে উদ্ধার ও ত্রাণকার্যে সাহায্যের আশ্বাস দেন। বুধবার সকালে নেপালে ভয়ঙ্কর হড়পা বান আসে ভোতে কোশী নদীতে। চোখের নিমেষে একের পর এক গ্রাম ভেসে যায়। এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ সাড়ে তিনশোরও বেশি মানুষ। এর মধ্য়ে ১০৫ জন ভারতীয় পর্যটকও রয়েছেন, যারা নেপালে ঘুরতে বা ট্রেকিংয়ের জন্য গিয়েছিলেন।


  বিপর্যয়ের খবর পেয়েই প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হড়পা বানে মৃতদের প্রতি শোক প্রকাশ করেন। একইসঙ্গে নেপালের প্রধানমন্ত্রীকে উদ্ধারকাজ থেকে ত্রাণ সরবরাহ-সব ধরনের সাহায্যের আশ্বাস দেন। তিনি নিজেও এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, “এই কঠিন সময়ে নেপালের ভাই-বোনদের পাশে রয়েছে ভারতের মানুষ। নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে প্রস্তুত ভারত। উদ্ধার ও ত্রাণ কার্যে নেপালের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ভারত।” ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার তরফেও জানানো হয়েছে যে নেপালের হড়পা বানে উদ্ধারকাজ চালাতে তারা প্রস্তুত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ভারতের তরফে ইতিমধ্য়েই ত্রাণসামগ্রী প্রস্তুত করা হচ্ছে। সবুজ সঙ্কেত পেলেই ভারতীয় বায়ুসেনার সি-১৭ ও সি-১৩০ বিমান ত্রাণসামগ্রী, ওষুধ ও আর্থ মুভিং ইক্যুইপমেন্ট নিয়ে নেপালের উদ্দেশে রওনা দেবে উদ্ধার ও ত্রাণকাজে সাহায্য করার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.