শুটিং করতে গিয়ে হড়পা বণের জন্য নেপালে আটকে গেলেন খরাজ মুখোপাধ্যায়
বুধবার সকালে নেপালে ভয়ঙ্কর হড়পা বান আসে ভোতে কোশী নদীতে। চোখের নিমেষে একের পর এক গ্রাম ভেসে যায়। এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ সাড়ে তিনশোরও বেশি মানুষ। এর মধ্যে ১০৫ জন ভারতীয়। এছাড়াও অনেকে আটকে গেছেন - যার মধ্যে আছে অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও তার স্ত্রী। যোগাযোগ ব্যবস্থা আচমকা বিচ্ছিন্ন হয়ে পড়ায় অভিনেতাকে ফোন পাওয়া যায়নি। তবে টিভি নাইন বাংলার কাছে স্বস্তির খবর দিয়েছেন, অভিনেতা পুত্র তমোঘ্ন (বিহু) মুখোপাধ্যায়। তিনি জানান, আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি এবং তাঁর বাবা-মা দুজনেই সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন।
তমোঘ্ন বলেন, “বাবার সঙ্গে কথা হয়েছে, মা-ও সঙ্গে রয়েছেন। বিপর্যয় যেখানে ঘটেছে, সেখান থেকে অনেকটাই দূরে নিরাপদ আশ্রয়ে আছেন তাঁরা। তবে দুর্যোগের কারণে যানবাহন, বিমান চলাচলে সমস্যা হচ্ছে, সেই জন্যই ফিরতে খানিক দেরি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই তাঁরা দ্রুত কলকাতায় ফিরে আসবেন।” উল্লেখ্য, নেপালের এই আচমকা হড়পা বানের জলছবি ও ভিডিয়ো সামনে আসতেই আতঙ্কের প্রহর গুনছেন সাধারণ মানুষ। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, এই ভয়াবহ বিপর্যয়ে ইতিমধ্যেই অন্তত আটজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং নিখোঁজ শতাধিক। আটকে পড়া মানুষের মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে উদ্ধারকার্য জোরকদমে চলছে।