আর জি কর কেসে সুপ্রিম কোর্টে গেলেন সন্দীপ ঘোষ
আর জি করের তৎকালীন সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ। সেই অভিযোগেই তিনি জেলবন্দি। কলকাতা হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে নি। এবার তিনি গেছেন সুপ্রিম কোর্টে। তিলোত্তমা-কাণ্ডের পর আরজি কর মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগে তুলে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। ওই মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতে মামলা করেছেন তিনি। আগামী সপ্তাহে ওই মামলার শুনানি হতে পারে।
এর আগে ওই মামলায় কলকাতা হাই কোর্ট সন্দীপের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ ছিল, সন্দীপের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাত করার অভিযোগ রয়েছে। ওই টাকা সরাসরি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বলেও উল্লেখ করে আদালত। অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় সাক্ষীদের উপর প্রভাব পড়ার আশঙ্কায় সন্দীপের জামিন বাতিল করে দেয় হাইকোর্ট।
এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছেন সন্দীপ। আরজি করের ডেপুটি সুপারের অভিযোগ ছিল, তিন বছরেরও বেশি সময় ধরে হাসপাতালের অন্দরে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছিল। চিকিৎসার সরঞ্জাম কেনার নামে টেন্ডারে কারচুপি সহ একাধিক অভিযোগ ছিল। নিজের ঘনিষ্ঠ লোকজনকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগও ওঠে সন্দীপের বিরুদ্ধে। ২০২৪-এর ৯ অগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরই সামনে আসে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ওই ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই।