ভবানীপুরে 'তেরঙ্গাযাত্রার' নেতৃত্ব দিলেন স্বয়ং শুভেন্দু
আগস্ট মাস মানেই স্বাধীনতার মাস। রাজ্য বিজেপি পুরো মাস ধরেই নিয়েছে নানা অনুষ্ঠান। তাদের মূল কর্মসূচি হলো 'হর ঘর তেরঙ্গা’। ছাব্বিশে সরকার বদলের পর ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির কার্যত মেগা সেলিব্রেশন! শুক্রবার, ৭ আগস্ট নিজের কেন্দ্র ভবানীপুরে তার উদ্বোধন করে দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বিকেলে সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলে বিপুল জনসমাগম। রাজপথে শুধুই ত্রিবর্ণ পতাকা। মাথা গোনার উপায় নেই। আর সেই মিছিলেরই নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী নিজে। হাজরা মোড়ে মিছিল পৌঁছনোর পর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘সার্ভে বিল্ডিং থেকে এই হাজরা মোড় পর্যন্ত মিছিল করে আমরা আজ হর ঘর তেরঙ্গা কর্মসূচি শুরু করে দিলাম। আমার সঙ্গে মিছিলে এত মানুষ যোগ দিয়েছেন, তা দেখে আমরা আপ্লুত।"
তিনি আরো বলেন,''আগামী ১০ তারিখ আমরা নেতাজি মূর্তি থেকে আবার তেরঙ্গা যাত্রা করব। ৫০ হাজার মানুষকে নিয়ে ঐতিহাসিক তেরঙ্গা যাত্রা হবে। বিড়লা তারামণ্ডলের ৭ নং গেট পর্যন্ত যাব আমরা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় বলেছেন, ‘দিল সে তেরঙ্গা, প্যায়ার সে তেরঙ্গা, হর ঘর তেরঙ্গা’। এই যাত্রা জাতীয়তাবাদী, দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত। বাংলায় এবার রাষ্ট্রবাদী সরকার গঠিত হয়েছে। সব জনগণকে আগাম স্বাধীনতা দিবসের রাষ্ট্রবাদী অভিনন্দন।”শুক্রবার দিনভর নিজের কেন্দ্র ভবানীপুরে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। এদিন দুপুরে ভবানীপুরের গুরুদ্বারে যান তিনি। গেরুয়া পাগড়ি, সাদা পাঞ্জাবি-পাজামায় গুরুদ্বারে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। তারপরই সেখানকার বাকি ভক্তদের মতো সেবার কাজে শামিল হন। ‘লঙ্গরে’ ভক্তদের খাবার পরিবেশন থেকে বাসন ধোয়া – সবই নিজে হাতে করেন মুখ্যমন্ত্রী।
