আন্তর্জাতিক
সিন্ধুচুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে মিথ্যাচার করছে পাকিস্তান
রাষ্ট্রসঙ্গে পাকিস্তান ক্রমাগত মিথ্যা কথা বলে চলেছে বলে ভারত অভিযোগ করলো। সিন্ধু জলচুক্তি (Indus Waters Treaty) বিষয়ে ভারতের পদক্ষেপকে ভুলভাবে ব্যাখ্যা করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছিল ইসলামাবাদ। পালটা পাকিস্তানের সমালোচনা করে ভারত জানায়, ‘যে নির্দেশকে হাতিয়ার করে ওরা মিথ্যাচার করছে সেই ট্রাইব্যুনাল অবৈধভাবে গঠিত। ভারত জানিয়েছে, নিজেদের মিথ্যা প্রচারকে এগিয়ে নিয়ে যেতে তথ্য বিকৃত করা এবং মিথ্যা ছড়ানোর অভ্যাস পাকিস্তানের অনেক পুরনো। পাকিস্তানের মিথ্যাচারের পালটা মঙ্গলবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “পাকিস্তানের অভ্যাসই হল তথ্য বিকৃত করা ও মিথ্যা প্রচার চালানো। তথাকথিত ওই রায় পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনের (PCA) রায় নয়, ওটা অবৈধভাবে গঠিত একটি আদালতের রায়। "
তিনি আরো বলেন,এক্ষেত্রে ভারতের অবস্থান স্পষ্ট পিসিএ সিন্ধু জলচুক্তি লঙ্ঘন করে গঠিত, ভারত কখনও একে স্বীকৃতি দেয়নি। এর কার্যক্রমে অংশও নেয়নি। ফলে ওরা কী ঘোষণা করল তা ভারতের সার্বভৌম সিদ্ধান্তের উপর কোনও প্রভাব ফেলে না। ওই স্বঘোষিত ট্রাইব্যুনালের কোনও এক্তিয়ার নেই ভারতের সিদ্ধান্তে নাক গলানোর।” উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর পালটা পাকিস্তানের সঙ্গে ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়। দিল্লি স্পষ্ট জানায়, পাকিস্তান যতদিন না সন্ত্রাসবাদে সমর্থন যোগানো বন্ধ করছে ততদিন এই চুক্তি স্থগিত থাকবে। এরপরই এক ‘সালিশি আদালতের’ দ্বারস্থ হয় পাকিস্তান। যে আদালত সম্প্রতি রায় দিয়েছে, ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত আন্তর্জাতিক আদালতের অনুমোদিত নয়, ভারতের একতরফা সিদ্ধান্ত। একইসঙ্গে বলা হয় সিন্ধু জলচুক্তি এখনও কার্যকর রয়েছে।